ফুলতলায় ভোর রাতে একটি রাইচ মিলের নারী শ্রমিককে (২৪) জোরপূর্বক ধর্ষণের অভিযোগে কাদের ভুঁইয়া (৩২) নামে এক মাদক কারবারির বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে ফুলতলার আলকা গ্রামের মাহাবুল সরদারের রাইচ মিলে ঘটনাটি ঘটে।
অভিযুক্ত কাদের ভুঁইয়া দামোদর ভুঁইয়াপাড়ার লিটু ভুঁইয়ার ছেলে।
পুলিশ জানায়, মাহাবুল সরদারের রাইচ মিলে মঙ্গলবার ভোর ৪টার দিকে সময় ভুক্তভোগীর স্বামী ধান সিদ্ধ করার কাজে ব্যস্ত ছিলো। সেই সুযোগে কাদের ভুঁইয়া তাদের বস্তি ঘরে ঢুকে নারী শ্রমিককে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে কাদের ভুঁইয়াকে আসামি করে ফুলতলা থানায় একটি মামলা দায়ের করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। তবে অভিযুক্তকে এখনো গ্রেপ্তার করা যায়নি।
পুলিশ আরও জানায়, অভিযুক্ত কাদের ভুঁইয়ার বিরুদ্ধে থানায় একাধিক চুরি ও মাদক সংক্রান্ত মামলা রয়েছে।

