শুক্রবার । ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ । ৭ই ফাল্গুন, ১৪৩২

ভোটের দিনে বেনাপোল–পেট্রাপোল দিয়ে যাত্রী চলাচল বন্ধ

বেনাপোল প্রতিনিধি

বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোর ৬টা থেকে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টা বেনাপোল–পেট্রাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত বন্ধ থাকবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১৯৪৭ সাল থেকে এ পথে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত শুরু হয়। ১৯৭২ সালে স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত কখনও এ চেকপোস্ট দিয়ে যাত্রী চলাচল বন্ধ হয়নি। ঝড়-বৃষ্টি কিংবা করোনা মহামারির সময়ও দু’দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার অব্যাহত ছিল। তবে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে এবার প্রথমবারের মতো সরকার এ সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। এ কারণে স্বাধীনতার ৫৫ বছর পর প্রথমবারের মতো নির্বাচনের দিন বাংলাদেশ ও ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত বন্ধ থাকবে বলে তারা জানতে পেরেছেন।

বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম শাখাওয়াত হোসেন জানান, সরকারের পক্ষ থেকে এ বিষয়ে একটি পরিপত্র জারি করা হয়েছে। নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার বেনাপোল–পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে কোনো যাত্রী চলাচল করতে পারবেন না। তবে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৬টার পর থেকে পুনরায় দু’দেশের মধ্যে যাত্রী চলাচল স্বাভাবিক নিয়মে শুরু হবে।

তিনি আরও জানান, অন্যান্য সময়ে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতিতে মারাত্মক অসুস্থ যাত্রীদের জন্য ইমিগ্রেশন খোলা রাখা হলেও এবার তা পুরোপুরিভাবে বন্ধ থাকবে।

বেনাপোল বন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) কাজী রতন বিষয়টি নিশ্চিত করে জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার বেনাপোল বন্দর দিয়ে দু’দেশের মধ্যে যাত্রী পারাপার বন্ধ রাখার নির্দেশনা সংক্রান্ত একটি চিঠি তার দপ্তরে এসেছে।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন