শুক্রবার । ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ । ৭ই ফাল্গুন, ১৪৩২

অভয়নগরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও বোমা উদ্ধার

নওয়াপাড়া প্রতিনিধি

অভয়নগরে যৌথ বাহিনীর অভিযানে বহিষ্কৃত বিএনপি নেতার বাড়ি থেকে পেট্রোল বোমা, এ্যামুনিশন ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। গত রবিবার দিনগত গভীর রাতে উপজেলার চলিশিয়া পূর্ব পাড়া এলাকায় বহিষ্কৃত মারুফের বাড়িতে অভিযান চালিয়ে এ সমস্ত অস্ত্র উদ্ধার করা হয়। অভিযানের সময় মূল অভিযুক্ত পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

স্থানীয়রা জানায়, রবিবার রাত আনুমানিক ১টার দিকে অভয়নগর উপজেলার চলিশিয়া পূর্ব পাড়া এলাকায় আব্দুল্লাহ আল মারুফের (২৭) বাড়িতে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে।

অভিযানে তার বসতঘর ও গোয়ালঘরে তল্লাশি করে ৪টি পেট্রোল বোমা, ৩টি রামদা, ২টি চাইনিজ কুড়াল, ২টি এ্যামুনিশন, ১টি হকিস্টিক, ৫টি চাপাতি ও ৩টি ছুরি উদ্ধার করা হয়।

যৌথ বাহিনী জানায়, গোপন তথ্যের ভিত্তিতে মারুফের বাড়িতে এ অভিযান চালানো হয়। ধারণা করা হচ্ছে, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে নাশকতামূলক কর্মকাণ্ডের প্রস্তুতি হিসেবেই এসব অস্ত্র মজুত করা হয়েছিল। মারুফকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, এর আগেও আব্দুল্লাহ আল মারুফের বিরুদ্ধে একাধিক চাঁদাবাজির অভিযোগ ওঠে। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে বিএনপির ৩ নম্বর চলিশিয়া ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয় বলে জানা গেছে।

এ ঘটনায় থানায় অস্ত্র আইনে মামলা দায়ের হয়েছে।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন