শুক্রবার । ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ । ৭ই ফাল্গুন, ১৪৩২

যশোরে তিন দিন ধরে পুলিশ সদস্য নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের চৌগাছায় আক্তারুজ্জামান (৪৬) নামে পুলিশের এক সদস্য তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় তাঁর স্ত্রী শাহিনা আক্তার শিমা চৌগাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

নিখোঁজ আক্তারুজ্জামান সিংহঝুলি ইউনিয়নের জামলতা গ্রামের মৃত আনিছুর বিশ্বাসের ছেলে। তিনি বাগেরহাট জেলার রামপাল থানায় কর্মরত ছিলেন। তাঁর বিপি নম্বর ৮৪০৩০২৪৬৪৪।

জিডি সূত্রে জানা যায়, আক্তারুজ্জামান স্ত্রী–সন্তানসহ চৌগাছা পৌরসভার ইছাপুর গ্রামের বিল্লাল হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন। তাঁর স্ত্রী শাহিনা জানান, ২৬ নভেম্বর পাঁচ দিনের ছুটি নিয়ে তিনি বাড়িতে আসেন। পরদিন ২৭ নভেম্বর সকালে মহেশপুর যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন। এরপর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছেনা।

শাহিনা আক্তার বলেন, তিন দিন ধরে স্বামীর কোনো সন্ধান না পাওয়ায় থানায় অভিযোগ করেছেন। তিনি আরও জানান, বাড়ি থেকে বের হওয়ার সময় আক্তারুজ্জামান তাঁর ব্যবহৃত দুটি মোবাইল ফোন বাসায় রেখে গিয়েছিলেন। ফলে যোগাযোগের কোনো উপায় নেই।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, পুলিশ সদস্য নিখোঁজের ঘটনাটি তদন্তের আওতায় আনা হয়েছে। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন