বাগেরহাট শহরের হাড়িখালীর তেঁতুলতলা এলাকায় নিজাম উদ্দিন শান্ত (৪২) নামে এক অ্যাডভোকেট আততায়ীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন। শনিবার (২৫ জুলাই ) রাত ১টার দিকে বাগেরহাট শহরের হাড়িখালী তেঁতুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।
বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আরেফিন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত নিজাম উদ্দিন শান্ত বাগেরহাট সদর উপজেলার পশ্চিমভাগ গ্রামের তোরাব আলীর ছেলে এবং বাগেরহাট জেলা আইনজীবী সমিতির একজন নিয়মিত সদস্য ছিলেন।
বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আরেফিন জানান, শুক্রবার দিবাগত রাত ১টার দিকে বাগেরহাট শহর থেকে নিজ বাড়িতে ফেরার পথে শহরের হাড়িখালী তেঁতুলতলা এলাকায় অজ্ঞাতদের দ্বারা এই আইনজীবীকে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। জাতীয় জরুরি সেবা ৯৯৯ ও স্থানীয়দের ফোন পেয়ে রাতেই পুলিশ তার মরদেহ উদ্ধার করে। ময়না তদন্তের জন্য নিহতের মরদেহ বাগেরহাট জেলা ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলেও জানান এ কর্মকর্তা।
খুলনা গেজেট/এনএম

