বৃহস্পতিবার । ৯ই এপ্রিল, ২০২৬ । ২৬শে চৈত্র, ১৪৩২

স্কোয়াড নির্ধারণের ম্যাচ ব্রাজিলের

ক্রীড়া প্রতিবেদক

কাতার বিশ্বকাপের সেই হারের যন্ত্রণাটা এতদিনে মুছে গেছে ব্রাজিলের। সেবার কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরেই সেলেসাওদের হেক্সা জয়ের মিশন শেষ হয়ে গিয়েছিল। এতদিন বাদে ফের সেই মডরিচদের সামনে ক্যাসিমিরোরা। বাংলাদেশ সময় বুধবার সকাল ৬টায় প্রীতি ম্যাচে ইউরোপিয়ান দলটির মুখোমুখি হবে ব্রাজিল।

এর আগে অবশ্য ভোর ৫টা ১৫ মিনিটে বুয়েন্স আয়ার্সে নিজেদের মাঠে মেসির আর্জেন্টিনা খেলবে আফ্রিকার দল জাম্বিয়ার বিপক্ষে। বিশ্বকাপের আগে এটাই তাদের শেষ ম্যাচ। তাই কম্বিনেশন ঠিক করে নিতে কোচ লিওনেল স্কালোনির জন্য এই ম্যাচেই শেষ সুযোগ থাকছে। ব্রাজিলের জন্যও বিশ্বকাপ স্কোয়াড ঠিক করার এটাই শেষ পরীক্ষা।

আর্জেন্টিনা কোচের চেয়ে এই বিষয়ে বেশি চ্যালেঞ্জে আছেন ব্রাজিলের ইতালিয়ান কোচ কার্লো আনচেলেত্তি। মাত্রই আগের ম্যাচে ফ্রান্সের কাছে ২-১ গোলে হেরেছে তারা, যেখানে গ্যালারি থেকে ‘নেইমার’-এর নামে স্লোগান উঠেছে। ব্রাজিলিয়ান মিডিয়াতেও আওয়াজ উঠেছে বিশ্বকাপ স্কোয়াডে নেইমারকে নেওয়ার। এই অবস্থায় ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচটি যদি ব্রাজিল হেরে যায়, তাহলে নিশ্চিতভাবেই নেইমারকে দলে নেওয়ার চাপ বাড়বে আনচেলেত্তির ওপর।

এমনিতেই এই ম্যাচে আক্রমণ ভাগে রাফিনহাকে পাচ্ছে না ব্রাজিল। চোটের কারণে ছিটকে গেছেন বার্সার এই তারকা। আরেক তারকা ভিনিসিয়ুস জুনিয়র ফ্রান্সের বিপক্ষে একেবারেই ভালো খেলেননি। গোলমুখে একটি শটও নিতে পারেননি। সেদিনের ম্যাচে তিনিও হালকা চোট পেয়েছিলেন, তাই ক্রোয়েশিয়ার বিপক্ষে অনুপস্থিত থাকতে পারেন। কেননা দলের সঙ্গে অনুশীলন করেননি তিনি। সব মিলিয়ে রাফিনিহা আর ভিনিকে ছাড়া আক্রমণ ভাগে কুনহা আর পেদ্রোকে নিয়েই নামবে ব্রাজিল। মাঝমাঠে সান্তোস, মার্টিনেল্লি আর ক্যাসিমিরো থাকবেন। ডিফেন্সে ব্রেমার, মার্ককুইনহোস, ডি সান্তোস থাকছে আনচেলেত্তির ভরসায়।

বিশ্বকাপের আগে ৭ জুন মিসরের সঙ্গে আরেকটি প্রীতি ম্যাচ খেলার সূচি ঠিক করা আছে ব্রাজিলের। আর্জেন্টিনা যেখানে বড় মঞ্চে নামার আগে আফ্রিকান দলগুলোর সঙ্গে প্রীতি ম্যাচ খেলছে, সেখানে ব্রাজিলের কোচ বেছে বেছে ইউরোপের শক্তিশালী দলগুলোকে বেছে নিয়েছেন। চ্যালেঞ্জটা তিনি মাঠেই নিতে চান। তবে এটা করতে গিয়ে উল্টো ধাক্কা খাচ্ছেন। গত দুই ম্যাচে জয় পায়নি তাঁর দল। গতবছরের নভেম্বরে সেনেগালের কাছে জয়ের পর তিউনিসিয়ার সঙ্গে ড্র করে আনচেলেত্তির দল। গত এক বছরে লাতিনের বাইরে এশিয়ার দুই দল জাপান, দক্ষিণ কোরিয়া ও আফ্রিকার সেনেগাল-তিউনেসিয়ার সঙ্গে ম্যাচ খেলেছে ব্রাজিল। তার পরও সেরা কম্বিনেশন বোধহয় এখনও ঠিক করতে পারেননি আনচেলেত্তি।

সেখানে আর্জেন্টিনা কোচ জাম্বিয়ার বিপক্ষে ঘরের মাঠে মেসিকে নিয়েই শুরুর একাদশ সাজানোর পরিকল্পনা করেছেন। আর্জেন্টিনা তাদের ইতিহাসে এই প্রথম র‍্যাঙ্কিংয়ের ৯১ নম্বর দলের বিপক্ষে খেলতে নামছে। যেখানে মৌরিতানিয়ার বিপক্ষে প্রথম প্রীত ম্যাচে সাইড বেঞ্চে থাকা কয়েকজনকে আজ খেলাবেন স্কালোনি। বোকা জুনিয়র্সের ভ্যালেটিন বার্কো তাদেরই একজন। এ ছাড়া গোলরক্ষক রুলি, রক্ষণে ওটামেন্ডি আর ট্যাগলেফিগোর পাশাপাশি জিয়ায় ও লুকাস মার্টিনেজকে দেখা যেতে পারে। মাঝমাঠে সুযোগ পেতে পারেন জিউলিয়ানো সিমিওনের।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন