বুধবার । ১১ই মার্চ, ২০২৬ । ২৬শে ফাল্গুন, ১৪৩২

আবারও দুসংবাদ পেলেন নেইমার

ক্রীড়া প্রতিবেদক

দুর্ভাগ্য বুঝি একেই বলে। ইনজুরির কারণে ২০২৩ সালের অক্টোবরের পর ব্রাজিলের জার্সি গায়ে চাপাননি নেইমার জুনিয়র। প্রায় ২৯ মাস পর চলতি মাসের দুটি প্রীতি ম্যাচের জন্য সেলেসাওদের প্রাথমিক দলে ডাকও পেয়েছিলেন তিনি। কিন্তু দলে ডাক পাওয়ার পর আবার ইনজুরিতে পড়লেন এই তারকা ফরোয়ার্ড।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে আগামী জুন-জুলাইয়ে অনুষ্ঠিতব্য প্রথমবারের মতো ৪৮ দলের অংশগ্রহণে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ফুটবল বিশ্বকাপে নিজেদের হেক্সা মিশনে মাঠে নামবে ব্রাজিল। এর প্রস্তুতির অংশ হিসেবে ২৬ মার্চ ফ্রান্স ও ৩১ মার্চ ক্রোয়েশিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল।

এ দুটি ম্যাচের জন্য ব্রাজিলের প্রাথমিক স্কোয়াডে ৩৪ বছর বয়সী নেইমারকে রেখেছেন কোচ কার্লো আনচেলত্তি। কিন্তু মাংসপেশিতে আবারও চোট পাওয়ায় ব্রাজিলের চূড়ান্ত স্কোয়াড থেকে বাদ পড়তে পারেন সান্তোস ফরোয়ার্ড। এমনটা হলে ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতার বিশ্বকাপে খেলার স্বপ্নও কার্যত শেষ হয়ে যেতে পারে।

বুধবার (১১ মার্চ) সকালে ব্রাজিলের শীর্ষ লিগ সিরি’আয় মিরাসলের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে সান্তোস। এই ম্যাচ মাঠে বসে নেইমারের ফিটনেসের সবশেষ অবস্থা দেখতে চেয়েছিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি। কিন্তু সমস্যা হলো, মাংসপেশিতে আবারও চোট পাওয়ায় এই ম্যাচে মাঠেই নামা হয়নি নেইমারের।

এদিকে, আসন্ন দুটি প্রীতি ম্যাচের জন্য আগামী ১৬ মার্চ চূড়ান্ত দল ঘোষণা করবেন আনচেলত্তি। ১৫ মার্চ করিন্থিয়ান্সের বিপক্ষে নেইমার মাঠে ফিরলেও সেই ম্যাচে গ্যালারিতে থাকবেন না ব্রাজিল কোচ। ফিটনেসের ব্যাপারে কোচকে আশ্বস্ত করতে না পারলে চূড়ান্ত দলে জায়গা হবে না এই তারকা ফরোয়ার্ডের।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন