বুধবার । ১১ই মার্চ, ২০২৬ । ২৬শে ফাল্গুন, ১৪৩২

টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেও জরিমানা গুনলেন ভারতীয় ক্রিকেটার

ক্রীড়া প্রতিবেদক

টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে আচরণবিধি ভঙ্গের কারণে ভারতের পেসার আর্শদীপ সিংকে ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা করেছে আইসিসি।

রবিবার (৮ মার্চ) নিউজিল্যান্ডের বিপক্ষে ফাইনাল ম্যাচে আচরণবিধি লঙ্ঘন করেন এই পেসার।তথ্য এনডিটিভির।

আইসিসির অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানানো হয়, আচরণবিধির লেভেল–১ ভঙ্গ করেছেন অর্শদীপ। তিনি আইসিসির আচরণবিধির ২.৯ নম্বর ধারার আওতায় দোষী সাব্যস্ত হন। এই ধারাটি আন্তর্জাতিক ম্যাচ চলাকালে কোনো খেলোয়াড়ের দিকে বা কাছাকাছি বিপজ্জনক বা অনুপযুক্তভাবে বল বা ক্রিকেট সরঞ্জাম ছুড়ে মারার সঙ্গে সম্পর্কিত।

ঘটনাটি ঘটে নিউজিল্যান্ড ইনিংসের ১১তম ওভারে। তখন অর্শদীপের ছোড়া একটি থ্রো গিয়ে লাগে নিউজিল্যান্ড ব্যাটার ড্যারিয়েল মিচেলের শরীরে। ঘটনাটি নিয়ে মাঠে কিছু সময়ের জন্য উত্তেজনা দেখা দিলেও পরে দুই খেলোয়াড়ই পরিস্থিতি স্বাভাবিক করেন।

ম্যাচ শেষে অর্শদীপ মিচেলের কাছে ক্ষমা চান। পরে দুজনকে হাসিমুখে কথা বলতে এবং বন্ধুত্বপূর্ণভাবে শুভেচ্ছা বিনিময় করতেও দেখা যায়।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অর্শদীপ বলেন, ‘আমি মিচেলের কাছে গিয়ে দুঃখ প্রকাশ করেছি। আমার থ্রোটা একটু বেশি রিভার্স হয়ে গিয়েছিল এবং সেটা তার গায়ে লাগে। আমি তাকে বলেছি যে আমি ইচ্ছাকৃতভাবে তাকে আঘাত করিনি।’

খুলনা গেজেট/এমএনএস




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন