শনিবার । ৭ই মার্চ, ২০২৬ । ২২শে ফাল্গুন, ১৪৩২

৮৯ মাস নাকি এক যুগ, পাকিস্তানের বিপক্ষে কোন হিসাব মেলাবে বাংলাদেশ?

ক্রীড়া প্রতিবেদক

নতুন বছর শুরু হয়ে ইতোমধ্যে দুই মাস পেরিয়ে গেছে। কিন্তু এতদিনেও আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামা হয়নি বাংলাদেশের। ঘরোয়া ব্যস্ততা থাকলেও আন্তর্জাতিক সূচিতে ছিল বিরতি। জানুয়ারিতে শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), আর ফেব্রুয়ারিতে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ করার কথা ছিল। তবে নিরাপত্তাজনিত জটিলতার কারণে শেষ পর্যন্ত সেই টুর্নামেন্টে অংশ নেয়নি টাইগাররা। ফলে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থেকেই বছরের প্রথম দুই মাস কাটাতে হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের।

তবে দীর্ঘ অপেক্ষার পর আবারও আন্তর্জাতিক ব্যস্ততায় ফিরছে বাংলাদেশ দল। টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্ব শেষ হতেই শুরু হচ্ছে নতুন সূচি, যেখানে বছরের বাকি সময়জুড়েই আন্তর্জাতিক ম্যাচ নিয়ে ব্যস্ত থাকবে দলটি। সেই ব্যস্ততার শুরুই হচ্ছে শক্ত প্রতিপক্ষ পাকিস্তান জাতীয় ক্রিকেট দলকে দিয়ে।

চলতি মার্চ মাসেই পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। ইতোমধ্যে সিরিজের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সূচি অনুযায়ী আগামী ১১, ১৩ ও ১৫ মার্চ তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে ঢাকার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুরে।

সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টি ক্রিকেটের চাপের কারণে ৫০ ওভারের ফরম্যাটে ছন্দ হারিয়েছে বাংলাদেশ। নিয়মিত ওয়ানডে না খেলায় এই ফরম্যাটে দলের পারফরম্যান্সেও পড়েছে প্রভাব। একসময় ঘরের মাঠে শক্ত প্রতিপক্ষকে নাভিশ্বাস তুলে দেয়া বাংলাদেশ এখন অনেক ক্ষেত্রেই পরাজয়ের স্বাদ পাচ্ছে। পরিসংখ্যানও বাংলাদেশের জন্য খুব বেশি আশাব্যঞ্জক নয়। ওয়ানডে ক্রিকেটে এখন পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে ৩৯টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে জয় মাত্র পাঁচটি, আর বাকি ৩৪ ম্যাচেই পরাজিত হয়েছে টাইগাররা। সবশেষ জয়টি এসেছিল ২০১৮ সালের সেপ্টেম্বরে, এশিয়া কাপের এক ম্যাচে। সময়ের হিসাবে সেটি প্রায় ৮৯ মাস বা সাড়ে সাত বছর আগের ঘটনা।

মুশফিকুর রহিমের অসাধারণ ব্যাটিংয়ে সেই জয়ের পর পাকিস্তানের বিপক্ষে আরও তিনবার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। তবে বড় মঞ্চের সেই তিন ম্যাচেই হারতে হয়েছে টাইগারদের। সবশেষ দেখা হয়েছিল ২০২৩ আইসিসি ক্রিকেট বিশ্বকাপে, ভারতের মাটিতে। সেই ম্যাচে সাত উইকেটের ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। প্রায় তিন বছর পর আবারও ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। তিন ম্যাচের এই সিরিজের সবগুলো ম্যাচই হবে মিরপুরে। ফলে ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে দীর্ঘদিনের জয়খরা কাটানোর সুযোগ পাচ্ছে স্বাগতিকরা।

এই সিরিজে একটি ম্যাচ জিতলেও পাকিস্তানের বিপক্ষে প্রায় ৮৯ মাস পর জয় পাবে বাংলাদেশ। আর সিরিজ জিততে পারলে সেটি হবে আরও বড় সাফল্য। কারণ পাকিস্তানের বিপক্ষে এখন পর্যন্ত মাত্র একবারই ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ ২০১৫ সালে। এবার যদি সিরিজ জিতে, তাহলে সেটি হবে এক দশক পর নতুন ইতিহাস।

সব মিলিয়ে পাকিস্তানের বিপক্ষে কঠিন পরীক্ষার সামনে দাঁড়িয়ে বাংলাদেশ। একই সঙ্গে সামনে রয়েছে বড় লক্ষ্যও। কারণ ২০২৭ আইসিসি ক্রিকেট বিশ্বকাপে সরাসরি খেলার পথ মসৃণ করতে প্রতিটি সিরিজই গুরুত্বপূর্ণ। এখন দেখার বিষয়, মিরপুরের মাঠে শান্ত-মিরাজদের নেতৃত্বে বাংলাদেশ দল কি পারে ৮৯ মাসের অপেক্ষার গল্পটা বদলে দিতে।

পাকিস্তান-বাংলাদেশ সিরিজের সূচি
৮ মার্চ: পাকিস্তান দলের ঢাকা আগমন
১০ মার্চ: অনুশীলন সেশন
১১ মার্চ: প্রথম ওয়ানডে, শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর, ঢাকা
১৩ মার্চ: দ্বিতীয় ওয়ানডে, শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর, ঢাকা
১৫ মার্চ: তৃতীয় ওয়ানডে, শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর, ঢাকা

বাংলাদেশ স্কোয়াড: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

পাকিস্তান স্কোয়াড: শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আবরার আহমেদ, আবদুল সামাদ, ফাহিম আশরাফ, ফয়সাল আকরাম, হারিস রউফ, হুসাইন তালাত, মাজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ গাজী গরি, সাদ মাসুদ, সাহিবজাদা ফারহান, সালমান আলী আগা ও শামিল হুসাইন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন