শুক্রবার । ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ । ৭ই ফাল্গুন, ১৪৩২

ভারত-পাকিস্তানের অধিনায়ক করলেন না হ্যান্ডশেক, সমালোচনার ঝড়

ক্রীড়া প্রতিবেদক

অনিশ্চয়তার কালো মেঘ কাটিয়ে মাঠে গড়িয়েছে ভারত-পাকিস্তান ম্যাচ। তবে হ্যান্ডশেক বা করমর্দন ইস্যুতে আগের অবস্থানেই অটুট ভারত।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) কলম্বোতে টি-টোয়েন্টি বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। তবে এবারও পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগার সাথে হ্যান্ডশেক করেননি ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব।

ভারতীয় অধিনায়ককে অবশ্য টস সেশনে থাকা অন্যদের সাথে হ্যান্ডশেক করতে দেখা গেছে। তবে পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আঘার সাথে হ্যান্ডশেক করেননি তিনি। বিষয়টি ভালোভাবে নেয়নি ক্রিকেট দুনিয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে উঠেছে সমালোচনার ঝড়। ক্রিকেট দুনিয়ার বড় একটি অংশ মুখর ভারতীয় অধিনায়কের নিন্দায়।

এর আগে, সবশেষ এশিয়া কাপেও ভারত-পাকিস্তান ম্যাচে এই ঘটনা দেখা গেছে। এবার দুই দেশের উত্তেজনা আরও বেড়েছে। বাংলাদেশের সাথে হওয়া অন্যায্য আচরণের প্রতিবাদ জানিয়ে পাকিস্তান বিশ্বকাপে অংশ না নেয়ার সিদ্ধান্ত নেয়। এরপর রীতিমতো মিনতি করেই পাকিস্তানকে রাজি করাতে হয়েছে ম্যাচটি খেলার জন্য। বাংলাদেশও পিসিবিকে অনুরোধ করে ক্রিকেটের বৃহত্তর স্বার্থে এই ম্যাচ খেলতে।

অবশেষে ভারত-পাকিস্তান ম্যাচ মাঠে গড়াচ্ছে- এই খুশিতে অনেকেই দুই দেশের ক্রিকেটারদের প্রতি আহ্বান জানিয়েছিলেন, এবার যেন মাঠের সৌন্দর্য অটুট থাকে। বিশেষ করে ক্রিকেটারদের মধ্যে সৌজন্যতার কোনো কমতি না থাকে। তবে তা আর হলো কই।

ভারত-পাকিস্তান ম্যাচ শুরুর আগে দুই দেশের ধারাভাষ্যকারদের দেখা গেছে খোশ মেজাজে, পরস্পরের সাথে গল্পগুজবে। তবে দুই দেশের ক্রিকেটারদের দূরত্ব ঘুচেনি এবারো। সূর্যকুমার সেখানে উপস্থিত স্টাফদের সাথে হ্যান্ডশেক করলেও পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আঘার সাথে করমর্দনের কোনো আগ্রহই দেখাননি।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন