আগামী ১৫ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তানের ম্যাচ নিয়ে তৈরি হওয়া জটিলতা কাটাতে পাকিস্তানে গেছেন আইসিসির প্রতিনিধি। সেখানে ডেকে নেয়া হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকেও।
ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, ভারতের বিপক্ষে এরই মধ্যে বয়কটের ঘোষণা দেয়া ম্যাচে সিদ্ধান্ত পরিবর্তন করে পাকিস্তান খেলতে পারে। তবে সেক্ষেত্রে কিছু শর্তও জুড়ে দেয়া হয়েছে। বিসিবি ও পিসিবি নাকি প্রস্তাব দিয়েছে, ভারত, পাকিস্তান ও বাংলাদেশকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজনের। এছাড়াও পাকিস্তান ও বাংলাদেশের জন্য ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ পুনরায় চালুর দাবিও করা হয়েছে।
প্রতিবেদনে অবশ্য এই দাবিগুলোর কতটা গ্রহণযোগ্যতা রয়েছে, তা স্পষ্ট নয় বলে দাবি করা হয়েছে। কারণ ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক বা ত্রিদেশীয় সিরিজ আয়োজনের নিশ্চয়তা আইসিসি দিতে পারে না। বিষয়টি সম্পূর্ণভাবে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এখতিয়ারভুক্ত। এটি ভারতের সরকারের অধীনে পরিচালিত। যদিও আগামী সেপ্টেম্বরে বাংলাদেশে ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সিরিজের সূচি রয়েছে, বর্তমান কূটনৈতিক টানাপোড়েনের কারণে সেই সিরিজ নিয়েও অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।
সব মিলিয়ে চূড়ান্ত সমাধানে কিছুটা ‘দেয়া-নেয়া’ থাকবে বলেই মনে করা হচ্ছে। এই আলোচনায় আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা লাহোরে উপস্থিত ছিলেন। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের বোর্ড পরিচালক মুবারিশ উসমানি অনলাইনে আলোচনায় যুক্ত ছিলেন বলেও ইঙ্গিত পাওয়া গেছে। তবে প্রকৃতপক্ষে অধিকাংশ কাজই হয়েছে পর্দার আড়ালে; দুবাই ও মুম্বাইয়ে।
প্রসঙ্গত, ভারত-পাকিস্তানের ম্যাচ হওয়ার বিষয়ে এখন চূড়ান্ত অনুমোদন দেবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। ইঙ্গিত মিলছে, সোমবারের মধ্যেই পিসিবি চেয়ারম্যান মহসিন নকভির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে। সেই বৈঠকের পরই আইসিসি অথবা পিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে। ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার আর এক সপ্তাহেরও কম সময় বাকি থাকায়, সিদ্ধান্ত ঘোষণায় আরও বিলম্ব হলে তা হবে আত্মঘাতী। কারণ ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে অনুষ্ঠেয় এই ম্যাচ ঘিরে সমর্থক ও সংশ্লিষ্টদের ভ্রমণ পরিকল্পনার জন্য সময় প্রয়োজন।
খুলনা গেজেট/এএজে

