স্পেনের কাছে বিশ্বকাপ ফাইনালে অতিরিক্ত সময়ে ১-০ গোলে হেরে শিরোপা হারানোর পর বুয়েনস আইরেসের কেন্দ্রস্থল ওবেলিস্ক এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। হাজারো সমর্থকের উপস্থিতিতে শুরু হওয়া জমায়েত একপর্যায়ে সংঘর্ষে রূপ নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নামে পুলিশ।
স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, রাত বাড়ার সঙ্গে সঙ্গে একদল উচ্ছৃঙ্খল সমর্থক নিরাপত্তা বেষ্টনী ভেঙে ওবেলিস্কের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। সমর্থকদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস, রাবার বুলেট ও জলকামান ব্যবহার করে আইনশৃঙ্খলা বাহিনী। সংঘর্ষে কয়েকজন পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন আহত হন এবং অন্তত ১৫ জনকে আটক করা হয়।
এদিকে ম্যাচ চলাকালে বুয়েনস আইরেসে ৬৭ বছর বয়সি এক সমর্থক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বলে নিশ্চিত করেছে স্থানীয় জরুরি চিকিৎসা সেবা সংস্থা এসএএমই। চিকিৎসাকর্মীরা ঘটনাস্থলে তাকে বাঁচানোর চেষ্টা করলেও সফল হননি।
সংঘর্ষের পর ওবেলিস্ক ও ৯ দে হুলিও অ্যাভিনিউ এলাকাজুড়ে ভাঙা কাচ, বোতল ও বিভিন্ন আবর্জনা ছড়িয়ে পড়ে। কয়েক মিনিটের অভিযানের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং পুলিশ ধীরে ধীরে এলাকাটি খালি করে দেয়।
বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে যাওয়ায় আর্জেন্টাইন সমর্থকদের হতাশা এদিন স্পষ্টভাবে ফুটে ওঠে। তবে অধিকাংশ সমর্থক শান্তিপূর্ণভাবেই দলকে সমর্থন জানিয়ে বাড়ি ফিরলেও, একটি ছোট অংশের সহিংস আচরণ শেষ পর্যন্ত উৎসবের পরিবেশকে ম্লান করে দেয়।
খুলনা গেজেট/এএজে

