২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল ঘিরে এখন উত্তেজনার পারদ তুঙ্গে। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে দেখা হচ্ছে দুই দলের।
এই উত্তেজনার মধ্যেই ডাটা বিশ্লেষণ প্রতিষ্ঠান ‘অপটা সুপার কম্পিউটার’ তাদের পূর্বাভাস প্রকাশ করেছে। তাদের বিশ্লেষণে নির্ধারিত ৯০ মিনিটে জয়ের সম্ভাবনায় সামান্য এগিয়ে রাখা হয়েছে স্পেনকে।
অপটার হিসাব অনুযায়ী, নির্ধারিত সময়ে স্পেনের জয়ের সম্ভাবনা ৪৫.১ শতাংশ।
অন্যদিকে, আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা ২৯.৪ শতাংশ। আর ম্যাচ অতিরিক্ত সময় বা টাইব্রেকারে গড়ানোর সম্ভাবনা ২৫.৪ শতাংশ।
তবে ফুটবলপ্রেমীদের একাংশের মতে, পরিসংখ্যান সব সময় বাস্তবতার প্রতিফলন ঘটায় না। চলতি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল পর্যন্ত অপটার বেশ কয়েকটি পূর্বাভাস মিললেও সেমিফাইনালে তাদের অনুমান পুরোপুরি সফল হয়নি। ফলে অনেক সমর্থকের বিশ্বাস, ফাইনালেও মাঠের পারফরম্যান্সই শেষ কথা বলবে। এবার আর্জেন্টিনার সামনে রয়েছে ইতিহাস গড়ার সুযোগ। ইতালি ও ব্রাজিলের পর তৃতীয় দল হিসেবে টানা দুইবার বিশ্বকাপ জয়ের হাতছানি লিওনেল মেসিদের সামনে। অন্যদিকে, ২০১০ সালের পর দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবে স্পেন।
একদিকে মেসির সম্ভাব্য শেষ বিশ্বকাপের আবেগ, অন্যদিকে স্পেনের তরুণ ও ছন্দে থাকা দল—সব মিলিয়ে বিশ্বকাপের এই ফাইনালকে ঘিরে তৈরি হয়েছে তুমুল আগ্রহ। পরিসংখ্যান স্পেনকে সামান্য এগিয়ে রাখলেও শেষ পর্যন্ত শিরোপা কার হাতে উঠবে, তার উত্তর মিলবে মেটলাইফ স্টেডিয়ামের সবুজ ঘাসেই।
খুলনা গেজেট/এএজে

