এক ম্যাচেই দুই ফাইনালের স্বাদ!

ক্রীড়া প্রতি‌বেদক

মঞ্চ প্রস্তুত, প্রস্তুত দুই দলও। ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের শেষ ম্যাচে যে দল জিতবে, তারাই হবে এবারের বিশ্বচ্যাম্পিয়ন। তবে শিরোপা নির্ধারণী ম্যাচে কেবল একটি নয়, দুটি ফাইনালের স্বাদ পেতে যাচ্ছে ফুটবলপ্রেমীরা। ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের কারণে স্থগিত হয়ে যাওয়া ফিনালিসিমাতেও মাঠে নামার কথা ছিল আর্জেন্টিনার-স্পেনের।

একদিকে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, অন্যদিকে ইউরো চ্যাম্পিয়ন স্পেন। বিশ্ব ফুটবলের দুই অঞ্চলের চ্যাম্পিয়নদের মহাদ্বৈরথ পরিচিত ‘ফিনালিসিমা’ নামে।

২০২৪ সালে জার্মানির মাটিতে ইউরো কাপের ট্রফি উঁচিয়ে ধরে স্পেন, আর অন্যদিকে লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের মুকুট ধরে রাখে লিওনেল মেসির আর্জেন্টিনা। নিয়ম অনুযায়ী, উয়েফা এবং কনমেবলের যৌথ উদ্যোগে এই দুই মহাদেশীয় চ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ছিল ফিনালিসিমায়। ফুটবল বোদ্ধাদের মতে, এটি কেবল একটি ম্যাচ ছিল না, বরং ছিল বিশ্ব ফুটবলের সেরা দুই শক্তির অলিখিত শ্রেষ্ঠত্ব নির্ধারণের লড়াই।

ম্যাচটি আয়োজনের সব প্রস্তুতি চললেও বাধ সাধে মধ্যপ্রাচ্যের অস্থির রাজনৈতিক পরিস্থিতি। বিশেষ করে ইরান ও ইসরাইল-যুক্তরাষ্ট্র মধ্যকার সাম্প্রতিক যুদ্ধ ও বৈশ্বিক নিরাপত্তা ঝুঁকির কারণে ম্যাচটির ভেন্যু ও সূচি নির্ধারণে বড় জটিলতা তৈরি হয়। খেলোয়াড়দের নিরাপত্তা এবং আন্তর্জাতিক ফ্লাইট ও ভ্রমণসংক্রান্ত নানাবিধ ঝুঁকির কথা বিবেচনা করে শেষ পর্যন্ত ম্যাচটি স্থগিত করার সিদ্ধান্ত নিতে বাধ্য হয় আয়োজক কর্তৃপক্ষ।

ফিনালিসিমা স্থগিত হওয়ার খবরে স্বাভাবিকভাবেই হতাশ ফুটবল দুনিয়া। লামিনে ইয়ামালদের স্প্যানিশ তারুণ্যের বিরুদ্ধে লিওনেল মেসির আর্জেন্টিনার অভিজ্ঞতার এই যুদ্ধ দেখার সুযোগ হাতছাড়া হওয়ায় হতাশা প্রকাশ করেছিলেন ফুটবলভক্তরাও।

তবে সেই ফিনালিসিমা অনুষ্ঠিত না হলেও বিশ্বকাপের সমাপনী ম্যাচেই দুই ফাইনালের স্বাদ নিতে পারেন ফুটবলপ্রেমীরা। কেননা, সেই ফিনালিসিমার দুই প্রতিপক্ষই বিশ্বকাপের ফাইনাল ম্যাচে একে অপরের বিপক্ষে মাঠে নামছে। ইংল্যান্ডকে হারিয়ে আর্জেন্টিনা এবং ফ্রান্সকে হারিয়ে স্পেন বিশ্বকাপের ২৩তম আসরের ফাইনাল নিশ্চিত করেছে।

খুলনা গেজেট/রুএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন