নতুন কোচ পেলেন রোনালদোরা

ক্রীড়া প্রতি‌বেদক

পর্তুগাল জাতীয় দলের কোচ হিসেবে প্রায় চূড়ান্তই ছিলেন হোর্হে জেসুস। আজ লিসবনে পর্তুগাল ফুটবল ফেডারেশনের সদর দপ্তরে এলো আনুষ্ঠানিক ঘোষণা। তাকে প্রধান কোচ হিসেবে পরিচয় করিয়ে দিলো এফপিএফ।

৭১ বছর বয়সী এই কোচের সঙ্গে চার বছরের চুক্তি করেছে পর্তুগাল। ২০৩০ বিশ্বকাপে তিনি দেশটির সঙ্গে ডাগআউটে থাকবেন।

বিশ্বকাপে পর্তুগালের বিদায়ের পর চুক্তির মেয়াদ শেষে বিদায় নেন রবার্তো মার্তিনেজ। এই স্প্যানিয়ার্ডের উত্তরসূরি হলেন জেসুস।

এর আগে আল নাসরে ক্রিশ্চিয়ানো রোনালদোর কোচ ছিলেন এই পর্তুগিজ। দলকে সৌদি প্রো লিগ শিরোপা জেতান। ৩৬ বছরের কোচিং ক্যারিয়ারে প্রথমবার জাতীয় দলের ডাগআউটে তিনি।

এক বিবৃতিতে পর্তুগিজ ফেডারেশন বলেছে, ‘আমরা আজ নতুন পথে চলতে শুরু করলাম। জাতীয় দলে আপনাকে স্বাগতম হোর্হে জেসুস।’

বেনফিকাসহ পর্তুগালের ১১ ক্লাবের সাবেক কোচ জেসুসের প্রথম ম্যাচ ২৪ সেপ্টেম্বর। নেশনস লিগের উদ্বোধনী ম্যাচ তারা খেলবে ওয়েলসের সঙ্গে। চলতি বিশ্বকাপে শেষ ষোলোতে স্পেনের কাছে হেরে বিদায় নিয়েছে পর্তুগাল। শেষ বিশ্বকাপ খেলার ঘোষণা দিয়েছেন রোনালদো।

খুলনা গেজেট/রুএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন