২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ষোলোতে মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও ইউরোপের উদীয়মান শক্তি নরওয়ে। রোববার (৫ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচের সবচেয়ে বড় আকর্ষণ দুই তারকা ফরোয়ার্ড, ব্রাজিলের ভিনিসিউস জুনিয়র এবং নরওয়ের আর্লিং হালান্ড।
বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি হলেও নরওয়ের বিপক্ষে সুখকর ইতিহাস নেই ব্রাজিলের। দুই দলের চার দেখায় একবারও জিততে পারেনি সেলেসাওরা। দুই ম্যাচে হেরেছে, বাকি দুটি ড্র হয়েছে। তাই পঞ্চম দেখায় সেই অস্বস্তিকর রেকর্ড ভাঙার লক্ষ্য নিয়েই মাঠে নামবে কার্লো আনচেলত্তির দল।
গ্রুপ পর্বে স্কটল্যান্ড ও হাইতিকে হারিয়ে এবং মরক্কোর সঙ্গে ড্র করে গ্রুপসেরা হয় ব্রাজিল। তবে রাউন্ড অব থার্টি টুতে জাপানের বিপক্ষে পিছিয়ে পড়েও শেষ মুহূর্তের গোলে ২-১ ব্যবধানে জয় তুলে নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। অন্যদিকে, ইরাক ও সেনেগালকে হারিয়ে এবং ফ্রান্সের কাছে হেরে গ্রুপ রানার্সআপ হয় নরওয়ে। এরপর শেষ মুহূর্তের গোলে আইভরি কোস্টকে ২-১ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জয় পায় ভাইকিংরা।
নরওয়ের সবচেয়ে বড় ভরসা অবশ্যই আর্লিং হালান্ড। অভিষেক বিশ্বকাপেই ২৫ বছর বয়সী এই স্ট্রাইকার ইতোমধ্যে করেছেন পাঁচ গোল, যা দলটির মোট ১০ গোলের অর্ধেক। তার সঙ্গে আক্রমণে থাকবেন অধিনায়ক মার্টিন ওডেগার্ডও।
অন্যদিকে, ব্রাজিলের আক্রমণভাগের প্রধান অস্ত্র ভিনিসিউস জুনিয়র। এবারের বিশ্বকাপে চার গোল করে দলের সর্বোচ্চ গোলদাতা তিনি। এছাড়া ২০০২ সালের রোনালদো ও রিভালদোর পর প্রথম ব্রাজিলিয়ান হিসেবে টানা তিনটি গ্রুপ ম্যাচেই গোল করার কীর্তি গড়েছেন ভিনিসিউস। উল্লেখ্য, ২০০২ সালেই সর্বশেষ বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল।
নরওয়ের কোচ স্তালে সলবাক্কেন, যিনি ১৯৯৮ সালে ব্রাজিলকে হারানো নরওয়ে দলের সদস্য ছিলেন, তিনি বিশ্বাস করেন এবারও চমক দেখানো সম্ভব।
তিনি বলেন, ব্রাজিল অবশ্যই ফেভারিট। কিন্তু আমরা শুধু খেলতে নামছি না, জিততেই মাঠে নামব। কাজটি কঠিন, তবে অসম্ভব নয়।
পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণ প্রতিষ্ঠান অপটার সুপারকম্পিউটার অবশ্য ব্রাজিলকেই এগিয়ে রাখছে। তাদের হিসাব অনুযায়ী, নির্ধারিত সময়ে ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৫৩.৬ শতাংশ, নরওয়ের ২২.৪ শতাংশ এবং ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনা ২৪ শতাংশ।
এই ম্যাচের বিজয়ী দল কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে মেক্সিকো অথবা ইংল্যান্ডের।
দুই দলের সম্ভাব্য একাদশ
ব্রাজিল (৪-৩-৩): অ্যালিসন; দানিলো, মার্কিনিয়োস, গ্যাব্রিয়েল, সান্তোস; গিমারায়েস, ক্যাসেমিরো, মার্তিনেল্লি; রায়ান, কুনহা এবং ভিনিসিউস জুনিয়র।
নরওয়ে (৪-৩-৩): নিয়াল্যান্ড; পেডারসেন, আজের, হেগেম, মোলার উলফে; ওডেগার্ড, বের্গে, বার্গ; সোরলথ, হালান্ড এবং নুসা।
খুলনা গেজেট/রুএ

