হার-জিত যাই হোক, আজ কাঁদবে ফুটবলবিশ্ব!

ক্রীড়া প্রতি‌বেদক

ঘড়ির কাঁটা যখন মাঠের সবুজ গালিচায় শেষ বাঁশির জানান দেবে, তখন এক দল জয়ের উৎসবে মাতবে। আর হেরে স্তব্ধ হয়ে যাবে অন্য দল। তবে এই এই হার-জিতের চেয়েও বড় এক মানবিক বেদনার মুখোমুখি দাঁড়িয়ে আজ পুরো ফুটবলবিশ্ব। এই একটি ম্যাচই ইতি টেনে দিতে পারে সময়ের অন্যতম সেরা দুই মহাতারকার একজনের আন্তর্জাতিক ক্যারিয়ারের। হয়তো শেষবারের মতো দেশের জার্সিতে মাঠ ছাড়বেন ক্রিশ্চিয়ানো রোনালদো, কিংবা শোকেসে নিজের বুটজোড়া তুলে রাখবেন লুকা মদ্রিচ।

৪১ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনালদো এবং ৪০ ছুঁইছুঁই লুকা মদ্রিচ- দুজনই ক্যারিয়ারের গোধূলিলগ্নে দাঁড়িয়ে আছেন। রিয়াল মাদ্রিদের সোনালী দিনগুলোতে তারা কাঁধে কাঁধ মিলিয়ে বিশ্ব জয় করেছিলেন। আর আজ বুড়ো হাড়ের ভেল্কি দেখাতে তারা মুখোমুখি একে অপরের। বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে দেশের জন্য, ফুটবলের জন্য তারা যেভাবে নিজেদের উজার করে দিয়েছেন, তা যেন রূপকথাকেও হার মানায়।

পর্তুগালের জার্সিতে ইউরো জেতা রোনালদো হয়তো চেয়েছিলেন এই বিশ্বকাপ দিয়েই তার অমরত্বের গল্পটা শেষ করতে। অন্যদিকে, ক্রোয়েশিয়ার মতো ছোট একটি দেশকে সোনালী প্রজন্মের হাত ধরে ২০১৮ বিশ্বকাপের ফাইনালে তোলা লুকা মদ্রিচের শান্ত চোখের দিকে তাকালে এখনও ফুটবলপ্রেমীদের বুক কেঁপে ওঠে।

আজ ম্যাচ শেষে যিনিই হারবেন, তার চোখের কোণ দিয়ে গড়িয়ে পড়া জল শুধু তার একার হবে না, সেই জলবিন্দুতে ভিজে যাবে কোটি কোটি ফুটবল ভক্তের হৃদয়।

টেলিভিশন স্ক্রিনের সামনে বসা থেকে শুরু করে গ্যালারির সাধারণ দর্শক- সবাই হয়তো কোনো এক মুহূর্তের জন্য ভুলে যাবেন কে পর্তুগাল আর কে ক্রোয়েশিয়া। সবাই শুধু তাকিয়ে থাকবেন দুই কিংবদন্তির দিকে।

ফুটবল নিয়ম নিষ্ঠুর, কেননা নকআউটে কখনও টাইব্রেকার বা অতিরিক্ত সময়ের দোহাই দিয়ে এই দুই মহানায়ককে একসাথে পরের রাউন্ডে যাওয়ার অনুমতি দেবে না। আজ রাতে রেফারি যখন শেষ বাঁশি বাজাবেন, মাঠের স্কোরবোর্ডে যা-ই লেখা থাকুক না কেন, একটা বিষয় নিশ্চিত-আজকের রাতটি হাসির নয়, আজ কাঁদবে ফুটবলবিশ্ব।

খুলনা গেজেট/রুএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন