র্ষণীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও জাপান। দুই দলের লড়াইয়ের আগে এবার আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ম্যাচ পরিচালনার দায়িত্ব পাওয়া ইতালিয়ান রেফারি মাউরিজিও মারিয়ানি। অতীতে একাধিক বিতর্কিত সিদ্ধান্তের কারণে সমালোচনার মুখে পড়া এই রেফারির হাতেই তুলে দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ এই ম্যাচের দায়িত্ব।
বাংলাদেশ সময় সোমবার (২৯ জুন) রাত ১১টায় টেক্সাসের হিউস্টনে শুরু হবে ব্রাজিল-জাপানের শেষ ৩২-এর লড়াই। ম্যাচের প্রধান রেফারি হিসেবে থাকবেন মারিয়ানি। তাকে সহায়তা করবেন ইতালিরই দানিয়েল বিন্দোনি ও আলবার্তো তেগোনি। চতুর্থ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন সুইজারল্যান্ডের সান্দ্রো শ্যারার, আর রিজার্ভ সহকারী রেফারি হিসেবে থাকবেন স্টিফেন ডি আলমেইদা।
চলতি বিশ্বকাপে ইতালি থেকে একমাত্র মাঠের রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন মারিয়ানি। গ্রুপ পর্বে তিনি সৌদি আরব-উরুগুয়ে এবং কলম্বিয়া-ডিআর কঙ্গো ম্যাচ পরিচালনা করেছেন। নকআউট পর্বেও তার ওপর আস্থা রেখেছে ফিফা। তবে মারিয়ানির ক্যারিয়ার আলোচনায় এসেছে শুধু বড় ম্যাচ পরিচালনার জন্য নয়, বিতর্কিত কয়েকটি সিদ্ধান্তের কারণেও।
২০২৪ সালে সিরি ‘আ’-তে নাপোলি ও ইন্টার মিলানের ম্যাচে একটি পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। সেই ঘটনার পর সাময়িকভাবে তাকে দায়িত্ব থেকেও বরখাস্ত করা হয়েছিল। এরপরও বিতর্ক তার পিছু ছাড়েনি। সর্বশেষ মৌসুমে ভিএআরের সহায়তায় দেওয়া একটি পেনাল্টি নিয়েও সমালোচনার ঝড় ওঠে।
এর আগে, ২০২১ সালে ইন্টার মিলান ও জুভেন্টাসের ম্যাচের অন্তিম মুহূর্তে দেওয়া একটি পেনাল্টি সিদ্ধান্তকে কেন্দ্র করে ক্ষুব্ধ ইন্টার ফুটবলাররা ম্যাচ শেষে টানেলে গিয়ে মারিয়ানির সঙ্গে তর্কে জড়িয়ে পড়েছিলেন। অবশ্য সমালোচনার পাশাপাশি গুরুত্বপূর্ণ অনেক ম্যাচ সফলভাবে পরিচালনার অভিজ্ঞতাও রয়েছে ৪৩ বছর বয়সী এই ইতালিয়ান রেফারির। সেই অভিজ্ঞতার ওপর ভরসা রেখেই বিশ্বকাপের নকআউটের মতো বড় মঞ্চে আবারও তাকে দায়িত্ব দিয়েছে ফিফা।
প্রসঙ্গত, ব্রাজিল-জাপানের হাইভোল্টেজ লড়াইয়ে মারিয়ানি আলোচনায় থাকেন নিখুঁত রেফারিংয়ের জন্য, নাকি আবারও কোনো বিতর্কিত সিদ্ধান্তের কারণে।
খুলনা গেজেট/রুএ

