রবিবার । ২৮শে জুন, ২০২৬ । ১৪ই আষাঢ়, ১৪৩৩

ব্রাজিল ৩৭-০৮ জাপান

ক্রীড়া প্রতিবেদক

ব্রাজিল আগামীকাল সোমবার বাংলাদেশ সময় রাত ১১টায় জাপানের মুখোমুখি হচ্ছে। ব্লু সামুরাইরা তাদের ‘এফ’ গ্রুপে দ্বিতীয় হওয়ায় ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন সেলেসাওদের পেয়েছে। এই দুই দলের মুখোমুখি লড়াইয়ের ইতিহাস নতুন নয়। গত বছর শেষ দ্বৈরথে ব্রাজিল হারলেও সব মিলিয়ে ভালো অবস্থানে তারাই।

সব মিলিয়ে ১৪ ম্যাচ হয়েছে ব্রাজিল ও জাপানের মধ্যে। ১১টি জয় ব্রাজিলের, দুটি ড্র এবং জাপান জিতেছে মাত্র এক ম্যাচ। আনচেলত্তির দলের জন্য এই পরিসংখ্যান স্বস্তির হলেও ২০২৫ সালে ব্লু সামুরাইদের কাছে হার ভক্তদের জন্য অস্বস্তিকর।সবশেষ ২০২৫ সালের অক্টোবরে ব্রাজিলিয়ান জাতীয় দল বিশ্বকাপের প্রস্তুতিমূলক ম্যাচে জাপানের মুখোমুখি হয়েছিল। ওই ম্যাচে বেশ সমস্যায় পড়েছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। জাপানিরা ম্যাচ জেতে ৩-২ গোলে। ব্রাজিলিয়ান গোলপোস্টে এটাই ছিল জাপানের সর্বোচ্চ গোল।

এশিয়ান দলটির হয়ে তিন গোল করেন তাকুমি মিনামিনো, কেইতো নাকামুরা ও আয়াসে উয়েদা। ব্রাজিলিয়ানদের হয়ে গোল করেন পাউলো হেনরিক, যিনি এবারের বিশ্বকাপ দলে নেই। অন্য গোল করা গ্যাব্রিয়েল মার্তিনেল্লি আছেন এবারের মিশনে।

ব্রাজিল-জাপানের প্রথম দেখা হয়েছিল ১৯৮৯ সালে। রিও ডি জেনেইরোতে বিসমার্কের একমাত্র গোলে সেলেসাওরা প্রীতি ম্যাচটি জিতেছিল। এশিয়ান দেশটির বিপক্ষে ব্রাজিলের সবচেয়ে বড় জয় ৫-১ ব্যবধানে। ১৯৯৫ সালের আগস্টে মারিও হোর্হে জাগালোর দল এই দারুণ জয় পায় টোকিওতে।

বিশ্বকাপে একবারই দেখা হয়েছিল দুই দেশের। ২০০৬ সালের ২২ জুন ডর্টমুন্ডে রোনালদোর জোড়া গোল, জুনিনহো, গিলবার্তোর লক্ষ্যভেদী শটে ৪-১ গোলে ম্যাচটি জেতে ব্রাজিল।

জাপানের ও ব্রাজিল ম্যাচে গোল হয়েছে মোট ৪৫টি। এর মধ্যে ৩৭টি দিয়েছে ব্রাজিল, বিপরীতে হজম করেছে ৮টি। আর সবচেয়ে বেশি ৯ গোল করেছেন নেইমার। ব্রাজিলের হয়ে তিনি জাপানের মুখোমুখি হয়েছেন পাঁচটি ম্যাচে। চারটি প্রীতি ম্যাচ ও ব্রাজিলে অনুষ্ঠিত কনফেডারেশন্স কাপে একটি। ২০১২ সালে দুটি, ২০১৩ সালে একটি, ২০১৪ সালে চারটি, ২০১৭ সালে একটি ও ২০২২ সালে একটি গোল করেছিলেন তিনি জাপানের বিপক্ষে।

খুলনা গেজেট/রুএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন