বৃহস্পতিবার । ১১ই জুন, ২০২৬ । ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

ফুটবলের দুই সম্রাটের শেষ যুদ্ধ!

ক্রীড়া প্রতিবেদক

ফুটবলের রূপকথার পাতায় কালি ফুরিয়ে আসেনি; বরং সময় এখন এক মহাকাব্যের। লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো যাদের নামের পাশে ষষ্ঠ বিশ্বকাপের তকমা লেগেছে যেন কোনো নক্ষত্রের হাতছানি। ৩৯ ও ৪১ বছর বয়সেও তারা যখন বল পায়ে নামেন, তখন সময়ের কাঁটা যেন থমকে যায়। বিশ্বমঞ্চের সবুজ গালিচা চায় তাদের এই ষষ্ঠ উপস্থিতি। এটি কেবল একটি রেকর্ড নয়; বরং আবেগ, অভিজ্ঞতা এবং এক রূপালি বিদায়লগ্নের সুর।

কল্পনা করলে চোখে ভেসে ওঠে, ২০২৬ বিশ্বকাপের মঞ্চ প্রস্তুত। মেসি তার জাদুকরী পায়ে প্রতিপক্ষের রক্ষণভাগ চিরে ফেলছেন। অন্যদিকে রোনালদো গোলপোস্টের সামনে দাঁড়িয়ে আছেন খুনে মেজাজে। বিশ্বকাপে এর আগে কখনও তাদের মুখোমুখি দেখা না গেলেও, এই মহাযজ্ঞে ফুটবল বিধাতা যেন এক রোমাঞ্চকর সমীকরণ তৈরি করেই রেখেছেন।

বিশ্বকাপের এই লড়াইয়ের সমীকরণটি বেশ দারুণ। আর্জেন্টিনা ও পর্তুগাল উভয় দলকেই প্রথমে নিজ নিজ গ্রুপের শীর্ষে থেকে গ্রুপপর্ব শেষ করতে হবে। আর্জেন্টিনা খেলবে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডানের বিপক্ষে। আর পর্তুগালের প্রতিপক্ষ ডিআর কঙ্গো, উজবেকিস্তান ও কলম্বিয়া। এরপর রাউন্ড অব ৩২ ও রাউন্ড অব ১৬ এর কঠিন বাধা পেরিয়ে আসতে পারলেই কোয়ার্টার ফাইনালে দেখা মিলতে পারে মেসি বনাম রোনালদোর মহারণ। যদি দুই দলই নিজ নিজ গ্রুপে দ্বিতীয় হয়, তবুও রাউন্ড অব ১৬-এ তাদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর যদি এক দল গ্রুপসেরা ও অন্য দল রানার্স-আপ হয়, তবে সব কঠিন বাধা পেরিয়ে যেতে পারলে এই দুই সম্রাটের দেখা হতে পারে বিশ্বকাপের স্বপ্নের ফাইনালে। সেখানে ট্রফির চেয়েও বড় হয়ে উঠবে তাদের শেষ রক্তক্ষয়ী লড়াইয়ের অমর আখ্যান।

বিশ্বকাপে পারফরম্যান্সের বিচারে মেসি ২৬ ম্যাচে ১৩ গোল করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। অন্যদিকে রোনালদো ২২ ম্যাচে ৮ গোল করে অপেক্ষায় আছেন নিজেকে আরও ছাড়িয়ে যাওয়ার। মেসি ইতোমধ্যেই বিশ্বকাপে সর্বাধিক ম্যাচ ও সর্বাধিক মিনিট খেলার রেকর্ড নিজের করে নিয়েছেন। সেই সঙ্গে হাতছানি দিচ্ছে গোল অবদানের নতুন রেকর্ড গড়ার সুযোগ। আন্তর্জাতিক ফুটবলে ১৪৩ গোল ও ২২৬ ম্যাচ খেলা রোনালদো প্রস্তুত নিজেকে নতুন উচ্চতায় নিয়ে যেতে। ক্লাব ফুটবলে ৩৫ বারের লড়াইয়ে মেসি ১৬ বার এবং রোনালদো ১০ বার জয়ী হয়েছেন। কিন্তু বিশ্বকাপের মঞ্চে এই লড়াইয়ের আমেজ হবে একেবারেই অন্যরকম।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন