বিভিন্ন কাজের ক্ষেত্রেই এখন কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বাড়ছে। সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে এখন আপনাকে ঘুম পাড়ানোর দায়িত্ব নেবে এআই। শিশুদের জন্য এআই ব্যবহার করে ব্যক্তিগতকৃত ঘুমপাড়ানি গল্প তৈরি করতে নতুন অ্যাপ ‘স্টোরিকিট’ পরীক্ষা করছে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। অ্যাপটির মাধ্যমে অভিভাবকেরা গল্পের চরিত্র, পরিবেশ, শিক্ষণীয় বার্তা এমনকি ব্যাকগ্রাউন্ড মিউজিকও নিজের পছন্দমতো নির্বাচন করতে পারবেন। সবচেয়ে মজার কথা হলো গল্প তৈরি করতে একটি শব্দও লিখতে হবে না।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চ জানিয়েছে, বর্তমানে নির্বাচিত কয়েকটি দেশে পরীক্ষামূলকভাবে অ্যাপটি চালু করেছে মেটা। স্টোরিকিটে গল্প তৈরি করতে প্রথমে একটি চরিত্র বেছে নিতে হবে। চাইলে প্রিয় খেলনা বা কোনো ব্যক্তির ছবি তুলে সেটিকেও গল্পের চরিত্রে রূপ দেয়া যাবে। চাইলে বাবা-মায়েরা গল্প কেমন হবে সে বিষয়টি জানিয়ে দিতে পারবে।
মেটা বলছে, অ্যাপটিতে নিরাপত্তা নিশ্চিত করতে ‘এআই সেফটি ফিল্টার’ ব্যবহার করা হয়েছে। এতে কোনো সামাজিক যোগাযোগের সুবিধা নেই এবং এটি কেবল ১৮ বছর বা তার বেশি বয়সী ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত।
তবে অ্যাপটি নিয়ে সমালোচনাও শুরু হয়েছে। সমালোচকদের মতে, শিশুদের সঙ্গে গল্প বলা শুধু বিনোদন নয়, এটি কল্পনাশক্তি, পারিবারিক যোগাযোগ এবং আবেগের বন্ধন গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। সেই জায়গায় এআই-নির্ভর গল্পের ওপর অতিরিক্ত নির্ভরতা শিশু ও অভিভাবকের স্বাভাবিক যোগাযোগকে কমিয়ে দিতে পারে। যদিও মেটা মনে করছে, ব্যস্ত অভিভাবকদের জন্য এই অ্যাপটি গল্প বলাকে আরও সহজ করবে।
খুলনা গেজেট/এএজে

