সিম কার্ডের কোণা কাটা থাকার কারণ

গেজেট প্রতিবেদন

সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল (সিম) বা সাবস্ক্রাইবার আইডেন্টিফিকেশন মডিউলের (সিম) সংক্ষিপ্ত রূপ হচ্ছে সিম।

মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি একটি নির্দিষ্ট নম্বর, যাতে সহজেই যোগাযোগ করা যায়।

সিম হচ্ছে ইন্টারন্যাশনাল মোবাইল কাস্টমার আইডেন্টিফিকেশন (আইএমএসআই) নম্বর এবং এতে এ সংশ্লিষ্ট তথ্য সংরক্ষণ থাকে। ব্যবহারকারীকে শনাক্ত ও প্রমাণীকরণের জন্য ব্যবহার করা হয় এ ধরনের নম্বর। গুরুত্বপূর্ণ এই জিনিসটি ব্যবহার করলেও কখনো কি লক্ষ্য করেছেন, প্রায় প্রতিটি সিম কার্ডেরই একটি কোণা কাটা থাকে।

বিশ্বের যে দেশের সিম কার্ডই হোক না কেন, আশ্চর্যজনক হচ্ছে এর আকৃতি এবং এই কাটা কোণাটি প্রায় একই থাকে। শুরুতে এটি শুধু একটি ডিজাইনের অংশ বলে মনে হতে পারে। কিন্তু বাস্তবে এর পেছনে গুরুত্বপূর্ণ কারিগরি কারণ রয়েছে। সিম কার্ডের কোণা কাটা থাকে বলে ফোন ক্ষতি থেকে রক্ষা পায়। মজার বিষয় হচ্ছে, একসময় সিম কার্ড সম্পূর্ণ বর্গাকার ছিল। কিন্তু পরবর্তীতে এই কাটা কোণাটিকে বিশ্বজুড়ে সর্বজনীন মানদণ্ড হিসেবে গ্রহণ করা হয়।

তবে জানেন কী―সিম কার্ডের ইতিহাস শুরু হয় ১৯৯০-এর দশকের শুরুতে। প্রথম দিকে সিম কার্ডগুলো বর্তমান সময়ের ডেবিট-ক্রেডিট কার্ডের মতো বড় ছিল। পরবর্তীতে ফোন যত ছোট হওয়া শুরু করল, সিম কার্ডও তত ছোট হতে থাকে।

প্রথমে এল মিনি সিম কার্ড, তারপর মাইক্রো সিম এবং সবশেষ ন্যানো সিম। যদিও এর আকারে পরিবর্তন এসেছে। কিন্তু সিম কার্ডের কাটা কোণাটি কখনোই বদলায়নি। ইউরোপীয় টেলিযোগাযোগ মান সংস্থা (ইটিএসাাই) এটিকে বৈশ্বিক মানদণ্ড হিসেবে বিবেচনা করে, যাতে বিশ্বজুড়ে একইভাবে সিম কার্ড ব্যবহার সম্ভব হয়।

সিমের কোণা কাটার বড় সুবিধা হচ্ছে, এটি ব্যবহারকারীকে ফোনে ভুলভাবে সিম কার্ড প্রবেশ করানো থেকে বিরত রাখে। সিমের মাঝে থাকা সোনালী চিপটিকে ফোনের সিম স্লটে সঠিক অবস্থানে বসতে সহায়তা করে। যদি, ভুলভাবে সিম বসানো হয় তাতে শুধু সিমেরই ক্ষতি হবে না। বরং ফোনের ভেতরের সংবেদনশীল সিম রিডার অংশও ক্ষতিগ্রস্ত হতে পারে। এ কারণে কাটা কোণাটি একটি নির্দেশনা হিসেবে কাজ করে। যা সিম ট্রেতে সঠিকভাবে সিম কার্ড বসানো সহজ করে দেয়।

সিমের এই ডিজাইনটি শুধু ব্যবহারকারীর জন্য নয়, বরং মোবাইল ফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠানের জন্যও সমান উপকারী। ফোনের সিম ট্রে এবং ভেতরের স্লট এই কাটা কোণার ওপর ভিত্তি করে নকশা করা হয়। এতে ফোন সংযোজনের সময় ভুলের সম্ভাবনা থাকে না। এ কারণে বিশ্বের যেকোনো দেশের মানুষই তাদের ফোনে সঠিকভাবে সিম প্রবেশ করাতে পারেন।

খুলনা গেজেট/রুএ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন