সোমবার । ৯ই মার্চ, ২০২৬ । ২৪শে ফাল্গুন, ১৪৩২

এতেকাফের জরুরি নিয়ম কানুন

ড. আবু যুবায়ের

আজ ১৮ রমজান। মাগফিরাতের দশকের আর দুই দিন বাকি। গতকাল এই কলামে এতেকাফের গুরুত্ব সম্পর্কে আলোকপাত করা হয়েছিল। আজ এতেকাফের কিছু জরুরি বিষয়ের উপর আলোকপাত করা হবে। ইতিকাফ বা এতেকাফ আরবি শব্দ। এর শাব্দিক অর্থ হলো অবস্থান করা বা কোনো স্থানে নিজেকে আবদ্ধ রাখা। আর শরিয়তের পরিভাষায়, এক বিশেষ সময়ে এক বিশেষ নিয়মে নিজেকে মসজিদে আবদ্ধ রাখাকে এতেকাফ বলা হয়।

এতেকাফ করা বহু পুণ্যের কাজ, তবে আমলটি সুন্দর হওয়ার জন্য কিছু নিয়ম অনুসরণ করা খুবই জরুরি। এতেকাফ তিন প্রকার। ওয়াজিব এতেকাফ, সুন্নতে মুআক্কাদাহ এতেকাফ ও নফল এতেকাফ। এতেকাফ এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যা ইসলাম পূর্ব যুগ থেকে বিদ্যমান। মহান আল্লাহতায়ালা ইরশাদ করেন, “আমি ইবরাহীম ও ইসমাঈলকে নির্দেশ দিলাম, তোমরা আমার ঘরকে তাওয়াফকারী, ইতিকাফকারী, রকুকারী ও সেজদাকারীদের জন্য পবিত্র কর (সূরা বাকারা:১২৫)।”

ওয়াজিব এতেকাফ বলা হয় যা কোনো ব্যক্তি মানতের মাধ্যমে নিজের উপর ওয়াজিব করে নেয়। কোনো মুআক্কাদা এতেকাফ, রমজানের শেষ দশকে, অর্থাৎ ২০ তারিখ সূর্যাস্তের পর থেকে ঈদের চাঁদ উঠা পর্যন্ত, পূর্ব সময় এতেকাফের নিয়তে মসজিদে অবস্থান করাকে বলা হয়। আব্দুল্লাহ ইবনে উমর (রাঃ) থেকে বর্ণিত, রসুলুল্লাহ (সঃ) রমজানের শেষ দশদিন এতেকাফ করতেন (সহিহ বুখারী:২০২৫)। আনাস বিন মালেক রাঃ থেকে বর্ণিত, রাসুলে কারীম (সঃ) রমজানের শেষ দশকে এতেকাফ করতেন। এক বছর এতেকাফ করেননি। এর পরের বছর তিনি বিশ দিন এতেকাফ করেছিলেন (সুনানে তিরমিযী:৮০৩)।

সুন্নতে মুআক্কাদাহ এতেকাফ করলে শবে কদর পাওয়া নিশ্চিত হয়। নফল এতেকাফ হলো, বছরের যে কোনো সময়ে এতেকাফের নিয়তে মসজিদে অবস্থান করা। রমজানের শেষ দশকে দশদিনের কম মসজিদে অবস্থান করলে সেটাও নফল এতেকাফ হবে। এতেকাফের জন্য নিয়ত করা আবশ্যক। নিয়ত করা ছাড়া মসজিদে অবস্থান করলে সেটা এতেকাফ বলে গণ্য হবে না। পুরুষরা জামে মসজিদ বা পাঞ্জেগানা মসজিদে এতেকাফ করবে। এছাড়া অন্যত্র এতেকাফ করলে সেটা এতেকাফ হবে না। ওয়াজিব এতেকাফ আদায় করার জন্য রোজা রাখা আবশ্যক, রোজা রাখা ব্যতীত তা আদায় হবে না। আর সুন্নতে মুআক্কাদাহ এতেকাফ তো রমযানেই হয়ে থাকে, তাই তা রোজা রাখা ব্যতীত আদায় হবে না।

সুন্নতে মুআক্কাদাহ এতেকাফ আদায়ের জন্য শুরুতেই পুরো দশদিন এতেকাফের নিয়ত করবে। একসাথে দশদিন এতেকাফের নিয়ত না করলে সুন্নতে মুআক্কাদাহ এতেকাফ আদায় হবে না। সুন্নতে মুআক্কাদাহ এতেকাফের জন্য বিশ তারিখ সূর্যাস্তের পূর্বেই মসজিদে প্রবেশ করতে হবে। সূর্যাস্তের সময় মসজিদে না থাকলে তার সুন্নতে মুআক্কাদাহ এতেকাফ আদায় হবে না। এতেকাফ অবস্থায় চুপ থাকাকে ইবাদত মনে করে চুপ থাকা মকরুহ।

এতেকাফের আদব হলো, সর্বদা ইবাদত বন্দেগিতে মশগুল থাকবে। জিকির-আজকার তিলাওয়াত করবে। অনর্থক কথাবার্তা ও কাজ কর্মে লিপ্ত হবে না এবং কিছু দ্বিনী কিতাবাদী পড়বে ও অন্যকে পড়ে শোনাবে। গ্রহণযোগ্য ওজর ছাড়া এক মুহূর্তও মসজিদের বাইরে অবস্থান করলে এতেকাফ ভেঙে যাবে। মহিলারা ও তাদের এতেকাফের নির্দিষ্ট স্থান ছাড়া অন্যত্রে গ্রহণযোগ্য ওজর ছাড়া সামান্য সময় অবস্থান করলে এতেকাফ ভেঙে যাবে। অসুস্থতার কারণেও সামান্য সময় বের হলে এতেকাফ ভেঙে যাবে। এতেকাফ অবস্থায় ভুলেও মসজিদ থেকে বের হলে এতেকাফ ভেঙে যাবে। কোনো ডুবন্ত ব্যক্তিকে উদ্ধার অথবা কাউকে কোনো অগ্নিকাণ্ড থেকে উদ্ধারের জন্য মসজিদ থেকে বের হলে এতেকাফ ভেঙে যাবে। ফরজ গোসল ও সুন্নত গোসল ছাড়া সাধারণ গোসলের জন্য মসজিদ থেকে বের হলে এতেকাফ ভেঙে যাবে। অন্য মসজিদে তারাবির জন্য বের হলে এতেকাফ ভেঙে যাবে। শেষ দশকের কোনো একদিন রোজা ভেঙে গেলে অথবা কোনো কারণে রোজা রাখতে না পারলে এতেকাফ ভেঙে যাবে।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন