বুধবার । ৪ঠা মার্চ, ২০২৬ । ১৯শে ফাল্গুন, ১৪৩২

রোজা সহিহ-শুদ্ধ হবার আদব

ড. আবু যুবায়ের

পুণ্য স্নাত মাহে রমজানের রহমতের দশকের আজ শেষ দিন। কাল থেকে শুরু হচ্ছে মাগফিরাতের দশক। রমজান মাস আল্লাহর কাছে আমল কবুলের মাস। কিন্তু শর্ত হলো আমলটি অবশ্যই সুন্দর হতে হবে। কোনো জিনিস গ্রহণযোগ্যতার পূর্বশর্ত হলো : তা সুন্দর, ত্রুটিমুক্ত ও পরিপূর্ণ হওয়া। আমাদের রোজা যদি সহিহ ও সুন্দর না হয়, তাহলে আল্লাহপাক তা গ্রহণ করবেন না এবং তার পরিপূর্ণ বদলা দেবেন না।

হাদিসে আছে, অনেক রোজাদার এমন আছে যারা রোজার কষ্ট ছাড়া আর কিছুই পায় না, আর এমন রাত্রি জাগরণকারী আছে যারা রাত্রি জাগরণের কষ্ট ছাড়া আর কিছুই পায় না (ইবনে মাজাহ, নাসাঈ, হাকিম)। কারণ তাদের রোজা শুদ্ধ হয় না। এজন্য সর্বাত্মক চেষ্টা ও মেহনত করা দরকার যাতে আমাদের রোজাগুলো সুন্দর হয়। গতকাল এই কলামে রোজা নষ্ট হবার বাহ্যিক কারণসমূহের উপর আলোকপাত করা হয়েছিল। আজ কিছু গুরুত্বপূর্ণ আদব আলোচনা করা হচ্ছে, যা মানুষের মন ও পঞ্চেন্দ্রিয়ের সঙ্গে সম্পর্কিত। ওলামা ও মাশায়েখগণ কোরান হাদিসের আলোকে রোজা শুদ্ধ হওয়ার ছয়টি আদব বর্ণনা করেছেন।

১. দৃষ্টির হেফাজত করা। যেন কোনো নাজায়েয জায়গায় দৃষ্টি না পড়ে। এমনকি নিজ স্ত্রীর প্রতিও যেন কামভাব ও খাহেশাতের দৃষ্টি না পড়ে। বেগানা মহিলার তো প্রশ্নই উঠে না।

২. জবানের হেফাজত করা। মিথ্যা, গিবত, শেকায়েত, চুগলখোরি, বেহুদা কথাবার্তা, ঠাট্টা-বিদ্রুপ, ঝগড়া-বিবাদ ইত্যাদি সবকিছুই এর অন্তর্ভুক্ত।

৩. কানের হেফাজত। যে জিনিস মুখে বলা নাজায়েয তা শুনাও নাজায়েয। গান-বাজনা, আজেবাজে কথা শ্রবণ, গিবতে কান দেওয়া সবই এর অন্তর্গত।

৪. শরীরের অন্যান্য অঙ্গ-প্রতঙ্গকে নাজায়েয কাজ থেকে হেফাজত করা। যেমন হাতকে নাজায়েয বস্তু ধরা হতে, পা কে নাজায়েয জায়গায় যাওয়া হতে, দেমাগকে অশ্লীল চিন্তা হতে, পেটকে হারাম মাল দ্বারা ইফতার করা থেকে বিরত রাখা ইত্যাদি।

৫. হালাল মাল দ্বারাও এত বেশী ইফতার না করা যাতে পেট একেবারে পরিপূর্ণ হয়ে যায়। কেননা এতে রোজার উদ্দেশ্যই নষ্ট হয়ে যায়।

৬. রোজা রাখার পরও মনে মনে এই ভয় রাখা যে, নাজানি আমার রোজা মহান আল্লাহর দরবারে কবুল হচ্ছে কিনা।

তাই আসুন, আমরা সবাই মিলে এই মহিমান্বিত মাসে মহান আল্লাহর কাছে কায়মনোবাক্যে দোয়া করি যাতে তিনি আমাদেরকে রোজার সমস্ত আদব রক্ষা করে রোজা রাখার তওফিক দান করেন এবং তার অপার মেহেরবানি দ্বারা আমাদের রোজাগুলোকে সহিহরূপে কবুল করে নেন। আমিন।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন