ইরানের মদতপুষ্ট হুথি বিদ্রোহীরা মক্কায় ড্রোন হামলা করায় ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’ কার্যকর করার সময় এসে গেছে বলে মনে করছে পাকিস্তান। বুধবার পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহম্মদ আসিফ।
সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, “আমরা মক্কা চুক্তির অংশীদার হিসেবে নিজেদের দায়িত্ব পালন করব এবং আমরা মনে করি, এ চুক্তি সক্রিয় করার সময় এসে গেছে। কারণ খোদ মক্কায় হামলা হয়েছে।”
গত ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যার দিকে ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে পবিত্র শহর মক্কার দিকে একটি বিস্ফোরকবাহী ড্রোন ধেয়ে আসে, তবে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত করার আগে সেটিকে আটকে দিয়ে ধ্বংস করে দেয় সৌদি আরবের প্রতিরক্ষা বাহিনী।
এই ড্রোন হামলার জন্য ইয়েমেনের হুথি গোষ্ঠীকে দায়ী করে বিবৃতি দিয়েছে সৌদি আরব, তবে হুথি বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি এ অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, “আমাদের লক্ষ্যবস্তুগুলো সৌদি আরবের জ্বালানি ও সামরিক খাতের সঙ্গে সংশ্লিষ্ট। ধর্মীয় বা পবিত্র কোনো স্থাপনাকে কখনও আমরা লক্ষ্যবস্তু করি না।”
এদিকে জিও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে হুথি বাহিনীকে সতর্কবার্তা দিয়ে খাজা আসিফ বলেছেন, “পরবর্তীতে যদি কখনও মক্কায় হামলা হয়, তাহলে পাকিস্তান মক্কা চুক্তি সক্রিয় করার জন্য অপেক্ষা করবে না। কারণ পাকিস্তান মনে করে, ধর্মীয় স্থাপনা ও স্থান রক্ষা করা একটি পবিত্র কর্তব্য।”
সূত্র : জিও টিভি
খুলনা গেজেট/এনএম

