প্রবাসে এনআইডি পেলেন ৫৪ হাজারের বেশি, সবচেয়ে বেশি আবেদন আরব আমিরাতে

ফরহাদ হুসাইন, মধ্যপ্রাচ্য প্রতিনিধি

দেশে না ফিরেই ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্যক্রমে এখন পর্যন্ত ১৪টি দেশের ৫৪ হাজার ৪৭৭ জন প্রবাসী বাংলাদেশি এনআইডি পেয়েছেন। এর মধ্যে ২৮ হাজারের বেশি স্মার্ট কার্ড প্রিন্ট করে ইতিমধ্যে সংশ্লিষ্ট দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনের (ইসি) এনআইডি অনুবিভাগের আগস্ট মাসের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ইসির এনআইডি অনুবিভাগের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিবেদন অনুযায়ী, বিদেশে ভোটার নিবন্ধনের জন্য এ পর্যন্ত মোট ৯৯ হাজার ৮১৫টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে ৬২ হাজার ৫৮৯ জনের বায়োমেট্রিক তথ্য গ্রহণ করা হয়েছে। এখনো ৩৭ হাজারের বেশি আবেদনের বায়োমেট্রিক গ্রহণ বাকি রয়েছে।

রেজিস্ট্রেশন অফিসারের তদন্ত শেষে অনুমোদনের অপেক্ষায় রয়েছে ৩ হাজার ৫৩৬টি আবেদন। তদন্ত শেষে ৫৪ হাজার ৪৭৭টি আবেদন অনুমোদন পেয়েছে, আর তদন্তের পর বাতিল হয়েছে ২৬ হাজার ৫৯৫টি আবেদন।

বিদেশ থেকে সবচেয়ে বেশি আবেদন এসেছে সংযুক্ত আরব আমিরাত থেকে। দেশটির আবুধাবি ও দুবাই স্টেশনে মোট ২৪ হাজার ৮২৫টি আবেদন জমা পড়েছে, যা মোট আবেদনের প্রায় এক-চতুর্থাংশ। দ্বিতীয় সর্বোচ্চ আবেদন এসেছে যুক্তরাজ্য থেকে ম্যানচেস্টার ও বার্মিংহাম স্টেশনে মিলিয়ে ১৮ হাজার ৬২১টি। তৃতীয় স্থানে যুক্তরাষ্ট্র, যার নিউইয়র্ক, মিশিগান, ওয়াশিংটন ডিসি ও লস অ্যাঞ্জেলেস স্টেশনে আবেদন পড়েছে ১৮ হাজার ৪৭২টি।

এ ছাড়া ইতালি থেকে প্রায় সাড়ে ৯ হাজার, সৌদি আরব থেকে প্রায় সাত হাজার, কুয়েত থেকে পাঁচ হাজার ৯২১টি এবং কাতার থেকে চার হাজার ৮২৯টি আবেদন জমা পড়েছে। কানাডার অটোয়া ও টরন্টো স্টেশনে তিন হাজার ৭৯৪টি এবং ওমানের মাসকাট স্টেশনে দুই হাজার ৫৭৩টি আবেদন এসেছে। অস্ট্রেলিয়ার ক্যানবেরা ও সিডনি স্টেশনে আবেদন পড়েছে এক হাজার ৪৫৯টি।

তুলনামূলক ছোট স্টেশনগুলোর মধ্যে জাপানের টোকিওতে ৩৬৫টি আবেদন জমা পড়েছে, যার মধ্যে ২০৮টির বায়োমেট্রিক গ্রহণ সম্পন্ন হয়েছে। মালদ্বীপের মালে স্টেশনে ৩২৮টি এবং দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া স্টেশনে ১৩৯টি আবেদন এসেছে। মালয়েশিয়া থেকেও দুই হাজারের বেশি প্রবাসী আবেদন করেছেন।

ইসির ২৭ আগস্ট পর্যন্ত হিসাব অনুযায়ী, ১৪টি দেশের ২৪টি স্টেশনে প্রবাসীদের ভোটার নিবন্ধন ও এনআইডি প্রদানের কার্যক্রম চলছে। আরব আমিরাত, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের স্টেশনগুলো থেকেই এসেছে মোট আবেদনের বড় অংশ।

প্রবাসীদের দেশে না ফিরেই ভোটার নিবন্ধন ও এনআইডি দেওয়ার উদ্যোগ কার্যকরভাবে শুরু হয় ২০১৯ সালে। ওই বছরের ৫ নভেম্বর মালয়েশিয়ায় প্রথম অনলাইনে ভোটার নিবন্ধন ও স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রদান কার্যক্রম উদ্বোধন করা হয়। পরে সংযুক্ত আরব আমিরাতে এ কার্যক্রম চালু হয়, এরপর ধাপে ধাপে অন্য দেশগুলোয় সম্প্রসারিত হয়।
সেবা আরও বিস্তৃত করতে নরওয়ে, ফিনল্যান্ড, সুইডেন, সিঙ্গাপুর ও বাহরাইনকে নতুন করে যুক্ত করার উদ্যোগ নিয়েছে ইসি। এর মধ্যে গত ৪ আগস্ট সিঙ্গাপুরে আনুষ্ঠানিকভাবে ভোটার নিবন্ধন ও এনআইডি সেবা চালু হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন