নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৪৭ জনে দাঁড়িয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে দেশটির জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
মৃতদের মধ্যে রাসুয়া জেলায় নিহত ব্যক্তিরা রয়েছেন। এছাড়া ভাটেকোশি নদীর স্রোতে ভেসে গিয়ে নিম্নাঞ্চলের বিভিন্ন জেলায় যাদের লাশ উদ্ধার করা হয়েছে, তাদেরও এই সংখ্যার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে মৃতের সংখ্যা চূড়ান্ত নয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এখনও উদ্ধার ও অনুসন্ধান অভিযান চলছে। বিভিন্ন জেলার তথ্য সমন্বয়ের কাজও অব্যাহত রয়েছে। এছাড়া শত শত মানুষ এখনও নিখোঁজ রয়েছেন।
গত বুধবার সকালে নেপালের উত্তরাঞ্চলীয় রাসুয়া ও পার্শ্ববর্তী জেলাগুলোতে ভয়াবহ পলি ও বরফধসের পর আকস্মিক এ বিপর্যয় নেমে আসে। এতে ভোটেকোশি ও ত্রিশূলি নদীতে হঠাৎ ভয়াবহ প্লাবন সৃষ্টি হয়। মুহূর্তের মধ্যেই পানির তোড়ে ঘরবাড়ি, সেতু, রাস্তাঘাট ও অবকাঠামো ভেসে যায়। এর ফলে বিস্তীর্ণ এলাকা ও বহু যাত্রী দেশের বাকি অংশ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।
সূত্র: দ্য কাঠমুন্ডু পোস্ট
খুলনা গেজেট/এএজে

