ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সর্বশেষ নিষেধাজ্ঞায় যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জর্জিয়া। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, আন্তর্জাতিক রাজনীতিতে তাদের যেকোনো পদক্ষেপ জাতীয় স্বার্থের ভিত্তিতেই নির্ধারিত হয়।
জর্জিয়ার সংবাদ সংস্থা ইন্টারপ্রেসনিউজ (আইপিএন) এ তথ্য জানিয়েছে।
ক্ষমতাসীন জর্জিয়ান ড্রিম দলের পার্লামেন্ট সদস্য তেঙ্গিজ শারমানাশভিলি বলেছেন, জর্জিয়ার জাতীয় অগ্রাধিকারের সঙ্গে সাংঘর্ষিক কোনো নীতিকে তার দেশ সমর্থন করবে না।
তিনি বলেন, ‘জর্জিয়া কোনো প্রস্তাবে যোগ দেবে কি না বা আন্তর্জাতিক রাজনীতির সঙ্গে সম্পর্কিত কোনো পদক্ষেপ নেবে কি না, তা নির্ধারণের একমাত্র মানদণ্ড হলো—সেই মুহূর্তে বিষয়টি জর্জিয়ার স্বার্থে আছে কি না।’
শারমানাশভিলি আরো বলেন, কোনো সিদ্ধান্ত যদি জর্জিয়ার স্বার্থের পরিপন্থি হয়, তাহলে সেটি পরে কার স্বার্থে যাচ্ছে, তা নিয়ে জর্জিয়ার ‘একেবারেই কোনো মাথাব্যথা নেই’।
জর্জিয়ার এই অবস্থান ইরানকে ঘিরে ইউরোপীয় ইউনিয়নের সর্বশেষ নিষেধাজ্ঞার প্রেক্ষাপটে এসেছে। ইইউর নিষেধাজ্ঞায় যোগ দেওয়ার পরিবর্তে তিবিলিসি নিজেদের জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
ক্ষমতাসীন দলের এই সংসদ সদস্যের বক্তব্য অনুযায়ী, আন্তর্জাতিক কোনো সিদ্ধান্ত বা নীতিতে জর্জিয়ার অংশগ্রহণ নির্ভর করবে দেশটির নিজস্ব স্বার্থের ওপর। অন্য কোনো দেশের স্বার্থ বা আন্তর্জাতিক চাপ এ ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার মূল ভিত্তি হবে না।
খুলনা গেজেট/এনএম

