জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ওমান দূতাবাসে আলোচনা সভা

ফরহাদ হুসাইন, মধ্যপ্রাচ্য প্রতিনিধি

ওমান বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আজ বিকালে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন করা হয়। দিবসটি উপলক্ষ্যে দেশ থেকে প্রেরিত প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির বাণী পাঠ করেন দূতাবাসের কর্মকর্তারা।

দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ও শ্রম উইংয়ের মিনিস্টার মাহমুদুর রহমানের সভাপতিত্বে দূতাবাস মিলনায়তনে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দূতাবাসের শ্রম উইংয়ের প্রথম সচিব আসাদুল হকের পরিচালনায় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রধানসহ অনেকে বক্তব্য রাখেন।

বক্তারা এ সময় দৃপ্ত কণ্ঠে বলেন, জুলাই থেকে শিক্ষা নিয়ে আগামীর সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে স্বৈরাচার ও বৈষম্য দূর করতে সবাইকে এগিয়ে আসতে হবে। সবার মাঝে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে সহযোগিতার আহ্বান জানানো হয়। এ সময় স্বৈরাচার যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য দেশ ও প্রবাস থেকে সবাইকে সজাগ থাকার পরামর্শও দেওয়া হয়।

অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানের শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং গণ-অভ্যুত্থানের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন