শক্তিশালী পাসপোর্টের তালিকায় বাংলাদেশের অবস্থান কত

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সূচকে় বাংলাদেশের অবস্থান এখন ৯৭তম। এবার বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে আছে উত্তর কোরিয়া। এবারের সূচকেও যথারীতি শীর্ষে আছে সিঙ্গাপুর। আর সবার শেষে আফগানিস্তান।

মঙ্গলবার লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স সূচকটি প্রকাশ করেছে। এতে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে ৯৭তম অবস্থানে রয়েছে উত্তর কোরিয়া। বাংলাদেশের নিচে রয়েছে শুধু নেপাল, সোমালিয়া, ইয়েমেন, পাকিস্তান, ইরাক, সিরিয়া ও আফগানিস্তান।

হেনলি পাসপোর্ট সূচকে কোনো দেশের পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়াই কয়টি গন্তব্যে যেতে পারেন, তার ভিত্তিতে র‌্যাংকিং করা হয়। ২০২৬ সালের সূচকে ১৯৯টি পাসপোর্ট ও ২২৭টি ভ্রমণ গন্তব্যের তথ্য বিবেচনা করা হয়েছে।

জানা যায়, আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে বিশ্বের দুর্বলতম পাসপোর্টগুলোর তালিকাতেই রয়েছে বাংলাদেশ। বাংলাদেশের পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া বা ভিসা অন অ্যারাইভালের মাধ্যমে ৩৫টি গন্তব্যে ভ্রমণ করতে পারেন।

সূচকে প্রকাশিত তথ্য বলছে, এখন বাংলাদেশ ও উত্তর কোরিয়ার পাসপোর্টধারী ব্যক্তিরা আগাম ভিসা ছাড়া কিংবা ভিসামুক্ত সুবিধা নিয়ে বিশ্বের ৩৫টি দেশে ভ্রমণ করতে পারেন; যদিও বাংলাদেশের পাসপোর্টধারী ব্যক্তিরা গত বছর আগাম ভিসা ছাড়া বিশ্বের ৩৭টি দেশে ভ্রমণ করতে পারতেন।

গত বছর এই সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১০০তম। তার আগের বছর, অর্থাৎ ২০২৪ সালে বাংলাদেশের অবস্থান ছিল ৯৭তম। তার আগে সর্বশেষ ২০২০ সালে এই সূচকে বাংলাদেশ ৯৮তম অবস্থানে ছিল। পরের তিন বছর, অর্থাৎ ২০২১, ২০২২ ও ২০২৩ সালে সূচকে বাংলাদেশের অবস্থান ছিল যথাক্রমে ১০৮তম, ১০৩তম ও ১০১তম।

অন্যদিকে ২০২৫ সালের সূচকে উত্তর কোরিয়ার অবস্থান ছিল ৯৯তম।

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের অবস্থান ধরে রেখেছে সিঙ্গাপুর। দেশটির নাগরিকেরা আগাম ভিসা ছাড়াই ১৯২টি গন্তব্যে যেতে পারেন। দ্বিতীয় অবস্থানে রয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া ও সংযুক্ত আরব আমিরাত, প্রতিটি দেশের পাসপোর্টে ১৮৮টি গন্তব্যে আগাম ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ রয়েছে। ১৮৭টি গন্তব্যে প্রবেশের সুযোগ নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে সুইডেন।

সূচকটির ২০তম বার্ষিকী উপলক্ষে হেনলি অ্যান্ড পার্টনার্স জানায়, বর্তমানে বিশ্বের একটি গড় পাসপোর্টে ১০৮টি গন্তব্যে আগাম ভিসামুক্ত প্রবেশের সুযোগ রয়েছে, যা ২০০৬ সালে সূচকটি প্রথম প্রকাশের সময় ছিল ৫৮টি।

প্রতিবেদনে বলা হয়েছে, গত দুই দশকে বৈশ্বিক চলাচলের সুযোগ ধারাবাহিকভাবে বেড়েছে। তবে ভূরাজনৈতিক উত্তেজনা ও সশস্ত্র সংঘাত আন্তর্জাতিক ভ্রমণকে এখনও প্রভাবিত করছে। বিশ্বের শক্তিশালী ও দুর্বল পাসপোর্টের মধ্যে ব্যবধানও বেড়েছে, সিঙ্গাপুরের ১৯২টি গন্তব্যের বিপরীতে আফগানিস্তানের পাসপোর্টে আগাম ভিসা ছাড়া মাত্র ২২টি গন্তব্যে যাওয়ার সুযোগ রয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন