এবার দিল্লির বুকে ফের কৃষক বিক্ষোভ, রাজধানী অচল করার হুঁশিয়ারি

মোহাম্মদ সাদউদ্দিন, কলকাতা

কংগ্রেস নেতৃত্বাধীন ছাত্র-যুবদের চলমান আন্দোলনের মাঝেই এবার দিল্লির কিষাণ ঘাটে ‘দেশ বাঁচাও মোর্চা’-র ডাকে শুরু হয়েছে তীব্র কৃষক বিক্ষোভ। পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান ও হিমাচল প্রদেশের কৃষকদের এই কর্মসূচির পেছনে দেশের প্রধান কৃষক সংগঠনগুলোর সরাসরি মদত রয়েছে।

বিশ্লেষকদের মতে, ২০২০ সালের ঐতিহাসিক কৃষক আন্দোলনের মতোই এবারও দিল্লি অচল করার পরিস্থিতি তৈরি হতে পারে।

আন্দোলনকারীদের অভিযোগ, আমেরিকা থেকে কম দামে কৃষিপণ্য আমদানি করায় দেশীয় কৃষকরা ফসলের ন্যায্য মূল্য পাচ্ছেন না। ৬ বছর আগের দীর্ঘ আন্দোলনের মুখে মোদী সরকার কিছু আইন পরিবর্তন করলেও কৃষকদের মূল সমস্যার কোনো সমাধান হয়নি। ফলে দেশের কৃষকদের চরম সংকটের মুখে পড়তে হয়েছে।

এবারের আন্দোলনে কৃষকদের পাশাপাশি ক্ষেতমজুর এবং বিভিন্ন শ্রমিক সংগঠনও যোগ দিচ্ছে। আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছে জাতীয় কংগ্রেস, সিপিআই(এম), সমাজবাদী পার্টি ও রাষ্ট্রীয় জনতা দলসহ প্রায় ৫০টি সর্বভারতীয় রাজনৈতিক দল। ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে ধর্ণায় বসেছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও প্রিয়াঙ্কা গান্ধী।

সারা ভারত কৃষকসভার সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও প্রাক্তন সাংসদ হান্নান মোল্লা বলেন, এবারের কৃষক বিক্ষোভ অতীতের সব হিসাব ছাড়িয়ে যাবে। কিষাণঘাট থেকে শুরু হওয়া এই আন্দোলন পর্যায়ক্রমে দেশের সব রাজ্যে ছড়িয়ে পড়বে।

বর্তমান সরকারকে ‘মানুষমারা সরকার’ আখ্যা দিয়ে অবিলম্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগ দাবি করেন তিনি।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন