কলকাতার নিউটাউনের পাথরঘাটায় ভিটেমাটির বিবাদকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার বিতর্কিত একটি জমিতে প্রতিপক্ষ নির্মাণকাজ শুরু করলে বাধা দিতে যান মোজাফফর মিস্ত্রি ওরফে মনা (৫৫) ও তাঁর পরিবার। এতে ক্ষিপ্ত হয়ে বিপক্ষ গোষ্ঠী রামদা ও ধারালো অস্ত্র নিয়ে তাঁদের ওপর ঝাঁপিয়ে পড়ে।
হামলায় ঘটনাস্থলেই ধারালো অস্ত্রের এলোপাথাড়ি কোপে প্রাণ হারান মনা মিস্ত্রি ও তাঁর ছেলে বাপি মিস্ত্রি (২৬)। গুরুতর আহত অবস্থায় মনা মিস্ত্রির স্ত্রীকে উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তিনি বর্তমানে জীবন-মৃত্যুর সঙ্গে লড়ছেন।
হত্যাকাণ্ডের খবর ছড়াতেই সমগ্র পাথরঘাটা এলাকায় তীব্র আতঙ্ক ও উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। বিধাননগর কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ প্রাথমিক তদন্তে নিশ্চিত হয়েছে যে, জমি সংক্রান্ত শত্রুতার জেরেই এই হামলা। ঘটনার মূল অভিযুক্তদের গ্রেপ্তার ও তদন্তের স্বার্থে ইতিমধ্যেই বেশ কয়েকজন সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
খুলনা গেজেট/এএজে

