জার্মানির উত্তরাঞ্চলীয় স্টাড শহরে গোলাগুলিতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। সোমবার (২৯ জুন) জার্মান পুলিশের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
বন্দরনগরী হামবুর্গের কাছাকাছি অবস্থিত স্টাড শহরে কী কারণে গোলাগুলির এই ঘটনা ঘটেছে তাৎক্ষণিকভাবে তা স্পষ্ট হওয়া যায়নি বলে পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন।
স্টাড পুলিশের আরেকজন মুখপাত্র আটক দ্বিতীয় ব্যক্তির ভূমিকা এখনও অস্পষ্ট বলে রয়টার্সকে জানিয়েছেন। তবে এই ঘটনার সঙ্গে জড়িত আর কোনও সন্দেহভাজন পলাতক নেই বলেও জানিয়েছেন তিনি।
এই ঘটনায় কতজন আহত হয়েছেন তা পরিষ্কার নয়। পুলিশের ওই কর্মকর্তা বলেছেন, গুলিতে নিহতদের সবাই প্রাপ্তবয়স্ক।
হামবুর্গের পশ্চিমে অবস্থিত প্রায় ৫০ হাজার বাসিন্দার শহর স্টাডের একটি যুব কল্যাণ কেন্দ্রে গোলাগুলির ওই ঘটনা ঘটেছে। পুলিশ স্থানীয় বাসিন্দাদের ওই এলাকা থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে।
যুক্তরাষ্ট্রের তুলনায় জার্মানিতে এভাবে নির্বিচারে গুলি চালিয়ে হত্যাকাণ্ডের ঘটনা তুলনামূলক বিরল। তবে দেশটিতে গত কয়েক বছরে বেশ কিছু বড় ধরনের এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে।
২০২৩ সালে হামবুর্গে যিহোভার উইটনেস উপাসনালয়ে এক বন্দুকধারী গুলি চালিয়ে ছয়জনকে হত্যা করেছিল। এর আগে ২০১৬ সালে খুনের প্রতি আসক্ত ১৮ বছর বয়সী এক জার্মান-ইরানি তরুণ মিউনিখে অন্তত ৯ জনকে হত্যা করে।
সূত্র: রয়টার্স
খুলনা গেজেট/এএজে

