বৃহস্পতিবার । ২৫শে জুন, ২০২৬ । ১১ই আষাঢ়, ১৪৩৩

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, বহু প্রাণহানির শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পে ব্যাপক প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।

মার্কিন ভূ-তত্ত্ব বিভাগের তথ্য বলছে, প্রথম কম্পনটির মাত্রা ৭ দশমিক ২ এবং দ্বিতীয়টি ৭ দশমিক ৫ মাত্রার।

বুধবার (২৪ জুন) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে অনুভূত হয় প্রথম কম্পনটি। কম্পনগুলোর উৎপত্তিস্থল রাজধানী কারাকাস থেকে ২৮৪ কিলোমিটার পশ্চিমে সান ফেলিপে এলাকায়।

মার্কিন সংস্থাটি জানিয়েছে, বুধবার সন্ধ্যায় রাজধানী ও এর আশপাশের অঞ্চলে পরপর আঘাত হানা এই দুই ভূমিকম্পের কারণে ভেনেজুয়েলায় ব্যাপক ক্ষয়ক্ষতি এবং প্রাণহানির আশঙ্কা রয়েছে।

ইউএসজিএস আরও সতর্ক করেছে, এই বিপর্যয় সম্ভবত ব্যাপক এলাকাজুড়ে ঘটেছে এবং শক্তিশালী আফটারশকেরও সতর্কতা দেওয়া হয়েছে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেয়ো জনগণকে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কয়েকটি ভবনের গ্যাস সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে।

দিওসদাদো কাবেয়ো বলেন, কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। গ্যাস-সংক্রান্ত কোনো দুর্ঘটনা আমরা চাই না।

ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ ও উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে। একই সঙ্গে ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র এবং হতাহতের তথ্য জানার চেষ্টা চলছে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, ভূমিকম্পের সময় কারাকাসের বাসিন্দারা দ্রুত ভবন ছেড়ে বাইরে নিরাপদ স্থানে আশ্রয় নেন। একজন প্রত্যক্ষদর্শী জানান, তার ভবনে ফাটল দেখা দিয়েছে এবং কাঁচ ভেঙে পড়েছে।

ভেনেজুয়েলায় আঘাত হানা ভূমিকম্পটি গত এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে দেশটিতে অনুভূত সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর একটি বলে মনে করা হচ্ছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন