রবিবার । ১৪ই জুন, ২০২৬ । ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

অবশেষে গলছে বরফ; ইরানের ২৫ বিলিয়ন ডলার অবমুক্ত করবে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের এক উচ্চ পর্যায়ের কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন যে, যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বন্ধে একটি খসড়া চুক্তি প্রস্তুত করা হয়েছে। এই খসড়া চুক্তি অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের জব্দ করা ২৫ বিলিয়ন ডলার অবমুক্ত করবে।

এ শর্তে ইরানও তার পারমানবিক অস্ত্র তৈরি বা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম স্থগিত রাখবে। পাশাপাশি খুলে দেওয়া হবে হরমুজ প্রণালী। একইসঙ্গে হরমুজ থেকে নৌ নিষেধাজ্ঞা তুলে নেবে যুক্তরাষ্ট্র। তবে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম এবং উচ্চমাত্রার ইউরেনিয়াম মজুদের বিষয়টি খসড়া সমঝোতার পরবর্তী ৬০ দিনের মধ্যে বিস্তারিত আলোচনার মাধ্যমে চূড়ান্ত করা হবে।

এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোস্যালে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রবিবার (১৪) জুন জন্মদিন উপলক্ষ্যে সমঝোতা চুক্তিটি করতে চান তিনি। ইতোমধ্যে কাতারের মধ্যস্থতাকারী প্রতিনিধিরা সমঝোতা সহজতর করতে বাংলাদেশ সময় রবিবার সকালে তেহরানে গেছেন বলে জানিয়েছে সিএনএন।

চুক্তির খসড়া অনুযায়ী, ৩০ দিনের মধ্যে হরমুজ প্রণালি থেকে ইরান-যুক্তরাষ্ট্র উভয় পক্ষই সব ধরণের বাধা তুলে নেবে।

এছাড়া খসড়া চুক্তির একটি বড় অংশজুড়ে রয়েছে অর্থনৈতিক সুবিধা ও নিষেধাজ্ঞা শিথিলকরণ। চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র ইরানের ওপর নতুন কোনো নিষেধাজ্ঞা আরোপ করতে পারবে না।

খসড়া চুক্তি স্বাক্ষরের পর একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে ইরান থেকে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের যাবতীয় নিষেধাজ্ঞা পর্যায়ক্রমে তুলে নেওয়া হবে। তেহরান যাতে তেল বিক্রি করে অর্থ আয় করতে পারে, সেজন্য যুক্তরাষ্ট্র একটি নির্দিষ্ট সময়ের জন্য ইরানের তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করবে। ইরানের অর্থনীতি পুনর্গঠন ও উন্নয়নে ওয়াশিংটন তার আঞ্চলিক মিত্রদের সঙ্গে নিয়ে একটি পরিকল্পনা তৈরি করবে, যা ৬০ দিনের মধ্যে তেহরানের সঙ্গে আলোচনার মাধ্যমে চূড়ান্ত হবে।

ইরানের এক উচ্চ পর্যায়ের কর্মকর্তার বরাতে রয়টার্স জানাচ্ছে, চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত ইরান তাদের পারমাণবিক কর্মসূচির বর্তমান অবস্থা বজায় রাখবে। অর্থাৎ, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ আর বাড়ানো হবে না এবং পারমাণবিক স্থাপনাগুলোর বিস্তার বন্ধ থাকবে। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম এবং উচ্চমাত্রার ইউরেনিয়াম মজুদের বিষয়টি সমঝোতা স্মারক স্বাক্ষরের পরবর্তী ৬০ দিনের মধ্যে বিস্তারিত আলোচনার মাধ্যমে চূড়ান্ত করা হবে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন