বিশ্বের বিভিন্ন দেশে মেটার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহারে সাময়িক বিঘ্ন ঘটেছে বলে অভিযোগ করেছেন ব্যবহারকারীরা। শুক্রবার (১২ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার পর হঠাৎ করেই এ সমস্যার সূত্রপাত হয়। তবে প্রায় ৪০ মিনিট পর থেকে ধীরে ধীরে সেবাগুলো স্বাভাবিক হতে শুরু করে।
এর আগে ব্যবহারকারীরা ফেসবুকে প্রবেশ করতে গেলে একটি এরর মেসেজ দেখতে পান, যেখানে লেখা ছিল— ‘Sorry, something went wrong.’ এতে অনেকেই বিভ্রান্ত হয়ে পড়েন।
এ বিষয়ে মেটার পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি। তবে রিয়েল-টাইম আউটেজ মনিটরিং প্ল্যাটফর্ম Downdetector-এর তথ্য অনুযায়ী, ১২ জুন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের পর থেকেই ব্যবহারকারীরা ফেসবুক ডাউন থাকার অভিযোগ জানাতে শুরু করেন।
একজন ব্যবহারকারী বলেন, ‘হঠাৎ ফেসবুকে ঢুকতে না পেরে ভয় পেয়ে যাই। ভেবেছিলাম আমার অ্যাকাউন্টে সমস্যা হয়েছে। পরে দেখি অনেকেই একই সমস্যায় পড়েছেন।’
আরেকজন ব্যবহারকারী জানান, পোস্ট দিতে গেলে সেটি যাচ্ছে না, পরে মেসেঞ্জারে ঢুকতে গিয়ে দেখি লগআউট হয়ে গেছে। হোয়াটসঅ্যাপেও একই সমস্যা হয়। প্রায় ৪০ মিনিট পর ধীরে ধীরে সব স্বাভাবিক হয়।
অন্য একজন ব্যবহারকারী বলেন, ফেসবুক আবার চালু হলেও গতি কিছুটা ধীর ছিল এবং পেজ লোড হতে সময় লাগছিল।
সাময়িক এই বিভ্রাটের পর সেবাগুলো স্বাভাবিক হলেও ব্যবহারকারীদের মধ্যে কিছুটা ভোগান্তি ও উদ্বেগ তৈরি হয়।
খুলনা গেজেট/এএজে

