ইরানের আকস্মিক ক্ষেপণাস্ত্র হামলার কয়েক ঘণ্টার মাথায় পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) নিশ্চিত করেছে, তাদের বিমান বাহিনী পশ্চিম ও মধ্য ইরানের বেশ কয়েকটি সামরিক লক্ষ্যবস্তুতে অত্যন্ত জোরালো বিমান হামলা চালিয়েছে।
ইরানি স্থানীয় গণমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, ইসরায়েলি পাল্টা হামলায় ইরানের রাজধানী তেহরান, তাবরিজ এবং ইসফাহান শহর জুড়ে বিকট শব্দে একের পর এক বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের শব্দে তিন শহরের স্থানীয় বাসিন্দাদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আইডিএফের পক্ষ থেকে বলা হয়েছে, ইরানের অভ্যন্তরে চালানো এ অভিযানের বিষয়ে আরও বিস্তারিত তথ্য পরে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
নাটকীয় বিষয় হলো, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে হামলা পেছানোর কূটনৈতিক তোড়জোড় চলার মাঝে এই হামলা চালাল ইসরায়েল। এর ঠিক কিছুক্ষণ আগে ট্রাম্প বার্তা দিয়েছিলেন, তিনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার জবাবে আপাতত কোনো ধরনের পাল্টা হামলা না করার অনুরোধ জানিয়েছেন। কিন্তু ট্রাম্পের অনুরোধ বা হামলা পেছানোর কূটনৈতিক পরিকল্পনা না মেনে ইরানে এ বিমান হামলা চালিয়ে বসেছেন নেতানিয়াহু।
টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের তিন শহরের সামরিক ঘাঁটিতে ইসরায়েলি যুদ্ধবিমানগুলো বোমাবর্ষণ করে। এই হামলার পর ইরান নতুন করে কোনো পাল্টা জবাব দেয় কি না, তা এখন দেখার বিষয়।
খুলনা গেজেট/এনএম

