সোমবার । ৮ই জুন, ২০২৬ । ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

উত্তর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। টাইমস অব ইসরায়েল, আল-জাজিরাসহ একাধিক বৈশ্বিক গণমাধ্যম নিশ্চিত করেছে এ তথ্য।

আইআরজিসির বরাতে জানা গেছে, লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) হামলার জবাব দিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে উত্তর ইসরায়েলে।

ইসরায়েলের স্থানীয় সময় রবিবার (৭ জুন) রাত সাড়ে ১১ টার দিকে ঘটেছে এ হামলা। কতগুলো ক্ষেপণাস্ত্র ইরান ছুড়েছে, তা জানা যায়নি; তবে আইডিএফ জানিয়েছে উত্তর ইসরায়েলের অনেক জায়গায় ক্ষেপণাস্ত্র সতর্ক অ্যালার্ম বেজেছে।

এদিকে হামলার পর তাৎক্ষণিকভাবে ইসরায়েলজুড়ে স্কুলসহ যাবতীয় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার। সেই সঙ্গে নাগরিকদের বাড়িঘর ছেড়ে সেফ হোম এবং আশ্রয়কেন্দ্রে যাওয়ার আহ্বানও জানিয়েছে।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন