শুক্রবার । ৫ই জুন, ২০২৬ । ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

শিগগিরই ঢাকায় ভারতীয় হাইকমিশনারের দায়িত্ব গ্রহণ করবেন দীনেশ ত্রিবেদী

আন্তর্জাতিক ডেস্ক

বাংলাদেশে হাইকমিশনার হিসেবে নিয়োগের জন্য ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে লেটার অব ক্রিডেন্স গ্রহণ করে‌ছেন দীনেশ ত্রিবেদী। তি‌নি শিগ‌গিরই ঢাকায় তার দায়িত্বভার গ্রহণ করবেন। শুক্রবার (৫ জুন) লেটার অব ক্রিডেন্স গ্রহণ করেন দীনেশ ত্রিবেদী। ঢাকার ভারতীয় হাই ক‌মিশন এ তথ্য জা‌নি‌য়ে‌ছে।

ঢাকার ভারতীয় হাইকমিশন জানায়, হাইকমিশনার ডেসিগনেট দীনেশ ত্রিবেদী ৫ জুন ২০২৬-এ বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে তার নিয়োগের জন্য ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে লেটার অব ক্রিডেন্স গ্রহণ করেন। তিনি শিগ‌গিরই ঢাকায় তার দায়িত্বভার গ্রহণ করবেন।

বাংলাদেশে ভারতের নতুন হাইক‌মিশনার হিসেবে গত এপ্রিলের শেষের দিকে আনুষ্ঠা‌নিকভাবে ভারতের সাবেক রেলমন্ত্রী ও বিজেপি নেতা দিনেশ ত্রিবেদীকে নিয়োগ দেওয়া হয়।

২০২৪ সালের আগস্টে শেখ হাসিনার পতনের পর অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় ঢাকার সঙ্গে দিল্লির সম্পর্ক তলানিতে ঠেকে। বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে ঢাকা ও দিল্লি সেই তিক্ততা কাটিয়ে সম্পর্ক পুনরুজ্জীবিত করার পদক্ষেপ নিচ্ছে উভয়পক্ষ। এমন সময়ে বাংলাদেশে হাইকমিশনার হিসেবে রাজনীতিবিদ দিনেশ ত্রিবেদীকে পাঠাচ্ছে নরেন্দ্র মোদি সরকার। এর মধ্যদি‌য়ে দীর্ঘদিন পর কোনো রাজনীতিবিদকে বাংলাদেশে হাইকমিশনারের দায়িত্ব দিল ভারত।

৭৫ বছর বয়সি দীনেশ ত্রিবেদী ভারতের কেন্দ্রীয় সরকারের সাবেক রেলমন্ত্রী। মনমোহন সিংয়ের মন্ত্রিসভায় তৃণমূল কংগ্রেসের সদস্য হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। ২০১২ সালে রেল বাজেট পেশ করার সময় যাত্রী ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়ে তিনি দলীয় নেতৃত্বের তোপের মুখে পড়েন এবং পদত্যাগ করতে বাধ্য হন। এছাড়া তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবেও কাজ করেছেন।

দীনেশ ত্রিবেদী লোকসভা ও রাজ্যসভা উভয় কক্ষেরই সদস্য ছিলেন। তিনি পশ্চিমবঙ্গ থেকে লোকসভার সদস্য এবং গুজরাট থেকে রাজ্যসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে তিনি তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করেন এবং পরের মাসেই বিজেপিতে যোগ দেন।

উল্লখ্য, ঢাকায় ভারতের সাবেক হাইকমিশনার প্রণয় ভার্মার স্থলা‌ভি‌ষিক্ত হবেন দীনেশ ত্রিবেদী। প্রণয় ভার্মা বর্তমানে বেলজিয়ামে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দা‌য়িত্ব পালন কর‌ছেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন