বৃহস্পতিবার । ৪ঠা জুন, ২০২৬ । ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

লেবাননে ইসরায়েলি হামলায় ২ বাংলাদেশি আহত

আন্তর্জাতিক ডেস্ক

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় দুই বাংলাদেশি ও দুই সিরীয় নাগরিক আহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ জুন) লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সির (এনএনএ) বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

এনএনএ’র প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমান নাবাতিয়া জেলার আব্বা ও আল-দুয়াইর শহরের মধ্যবর্তী ওয়াতা আব্বার আল-মাশাল এলাকায় দুই দফায় বিমান হামলা চালিয়েছে। এ ছাড়া একই জেলার জেবচিত ও আরনুন শহরেও ইসরাইলি বিমান হামলা ও বোমাবর্ষণের খবর পাওয়া গেছে।

এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরায়েল সরকারের মধ্যে হওয়া যুদ্ধবিরতি পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে হিজবুল্লাহ। একই সময়ে বৃহস্পতিবার দক্ষিণ লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। দেশটি জানিয়েছে, তারা দক্ষিণাঞ্চল থেকে সেনা প্রত্যাহার করবে না।

লেবানন ও ইসরায়েলের মধ্যে আলোচনার অংশ না হলেও হিজবুল্লাহর প্রধান নাঈম কাসেম এ প্রস্তাব প্রত্যাখ্যান করেন। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, এই আলোচনা নির্লজ্জ। ওয়াশিংটনের ঘোষণা লেবাননের একটি অংশের জনগণকে নিশ্চিহ্ন করা এবং বাকি জনগণকে দাসে পরিণত করার একটি রোডম্যাপ।

এক লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘দখলদারিত্ব যত দিন থাকবে, প্রতিরোধও তত দিন চলবে।’ গত ২ মার্চ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মুখে তেহরানের প্রতি সমর্থন জানিয়ে হিজবুল্লাহ ইসরায়েলে হামলা শুরু করলে দুই পক্ষের সংঘাত জোরালো হয়। গত এপ্রিল থেকে ওয়াশিংটনের মধ্যস্থতায় কয়েক দফা যুদ্ধবিরতির কথা জানানো হলেও আদতে তা বাস্তবায়ন হয়নি।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন