সোমবার । ১লা জুন, ২০২৬ । ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

শুভেন্দুর মন্ত্রিসভায় শপথ নিলেন আরও ৩৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভায় বড় ধরনের সম্প্রসারণ করা হয়েছে। মোট ১৩ জন পূর্ণমন্ত্রী, তিনজন স্বতন্ত্র দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ১৯ জন প্রতিমন্ত্রী শপথ নেওয়ার মধ্য দিয়ে রাজ্যটির মন্ত্রিসভার সদস্যসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ জনে।

সোমবার (১ জুন) কলকাতার লোকভবনে আয়োজিত এক অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি নতুন মন্ত্রীদের শপথবাক্য পাঠ করান। বিকেলে মন্ত্রিসভার বৈঠকের পর নতুন সদস্যদের মধ্যে দপ্তর বণ্টনের ঘোষণা দেওয়ার কথা রয়েছে।

মন্ত্রিসভা সম্প্রসারণে পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিজেপির নবনির্বাচিত বিধায়ক স্বপন দাশগুপ্ত, শঙ্কর ঘোষ, অর্জুন সিং, তাপস রায়, শারদ্বত মুখোপাধ্যায় ও জগন্নাথ চট্টোপাধ্যায়। এছাড়া দুধকুমার মণ্ডল, দীপক বর্মণ, মনোজ ওঁরাও এবং গৌরীশঙ্কর ঘোষও পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

স্বতন্ত্র দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিজেপি বিধায়ক রাজেশ মাহাতো, ইন্দ্রনীল খাঁ ও মালতী রাভা রায়।

অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়া সদস্যদের মধ্যে রয়েছেন জোয়েল মুর্মু, অশোক দিন্দা, আনন্দময় বর্মণ, কৌশিক চৌধুরী, গার্গী দাস ঘোষ, ভাস্কর ভট্টাচার্য, দিবাকর ঘরামী ও সুমনা সরকার। এছাড়া শান্তনু প্রামাণিক, পূর্ণিমা চক্রবর্তী এবং উমেশ রাইও প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন।

গত ৯ মে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির শীর্ষ নেতাদের উপস্থিতিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। সেদিন তার সঙ্গে দিলীপ ঘোষ, নিশীথ প্রামাণিক, অশোক কীর্তনীয়া, ক্ষুদিরাম টুডু ও অগ্নিমিত্রা পালও মন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন।

সরকারি সূত্রে জানা গেছে, পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠনের ফলে কয়েকটি গুরুত্বপূর্ণ দপ্তরে রদবদল আসতে পারে। নতুন মন্ত্রীদের দায়িত্ব বণ্টনের মাধ্যমে প্রশাসনিক কাঠামো আরও সুসংগঠিত করার পরিকল্পনা রয়েছে সরকারের।

গত সপ্তাহে নয়াদিল্লিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য এবং দলের কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে বৈঠকের পর মন্ত্রিসভা সম্প্রসারণের সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

সম্প্রতি অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে ২৯৪ আসনের মধ্যে ২০৮টিতে জয় পেয়ে পশ্চিমবঙ্গে সরকার গঠন করে বিজেপি। এর মধ্য দিয়ে রাজ্যটিতে তৃণমূল কংগ্রেসের টানা ১৫ বছরের শাসনের অবসান ঘটে এবং পূর্ব ভারতে এটিকে বিজেপির সবচেয়ে বড় নির্বাচনী সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন