এবার ইউক্রেনের প্রতিবেশী দেশ রোমানিয়ায় ড্রোন হামলা করেছে রুশ বাহিনী। শুক্রবার (২৯ মে) পূর্ব রোমানিয়ার গালাতি শহরের একটি বেসামরিক ১১ তলা ভবনে আঘাত হেনেছে রাশিয়ার একটি বিস্ফোরকবাহী ড্রোন।
যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্যরাষ্ট্র রোমানিয়ার সঙ্গে ইউক্রেনের ৬৫০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত আছে। গালাতি শহরটি রোমানিয়া-ইউক্রেনের সীমান্তবর্তী শহর।
এক বিবৃতিতে রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রুশ ড্রোনের আঘাতে অ্যাপার্টমেন্ট ভবনটির ক্ষয়ক্ষতি হয়েছে এবং একজন নারী ও একজন শিশু আহত হয়েছে। নিহতের কোনো ঘটনা ঘটেনি এবং যারা আহত হয়েছেন, তাদের আঘাতও গুরুতর নয়।
রুশ বার্তাসংস্থা তাস নিউজ এজেন্সিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অন্যতম মুখপাত্র ও প্রেস সচিব দিমিত্রি পেসকভ জানিয়েছেন, প্রেসিডেন্ট পুতিনকে ঘটনাটি জানানো হয়েছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক বার্তায় জানিয়েছেন, এই হামলার জন্য যে রাশিয়াই দায়ী— তা এখনও প্রমাণিত নয়।
এদিকে রাশিয়ার সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা রাশিয়ান সিকিউরিটি কাউন্সিলের উপ-প্রধান এবং দেশটির সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ ইউরোপীয় নেতাদের সতর্কবার্তা দিয়ে বলেছেন, ভবিষ্যতে ইউরোপের দেশগুলোতে এমন ড্রোন হামলা আরও হতে পারে এবং তার জেরে সেসব দেশের জনগণের শান্তির ঘুম উড়ে যেতে পারে।
২০১৪ সালে স্বাক্ষরিত মিনস্ক চুক্তির শর্ত মেনে কৃষ্ণ সাগরের দ্বীপ ক্রিমিয়াকে রাশিয়ার ভূখণ্ড হিসেবে ইউক্রেনের স্বীকৃতি না দেওয়া এবং ন্যাটোর সদস্যপদের জন্য ইউক্রেনের তদবিরকে ঘিরে কয়েক বছর টানাপোড়েন চলার পর ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী। সেই অভিযান এখনও চলছে। তবে সেই যুদ্ধের অংশ হিসেবে এই প্রথম ন্যাটোভুক্ত কোনো রাষ্ট্রে হামলা চালাল রুশ বাহিনী।
রোমানিয়ায় ড্রোন হামলার পর ন্যাটোর মহাসচিব মার্ক রুটে সামাজিক যোগাযোগমাধ্যমে এক্সে পোস্ট করা এক বার্তায় বলেছেন, “রাশিয়ার বেপরোয়া আচরণ আমাদের সবার জন্য বিপদের। আমি নিশ্চয়তা দিচ্ছি যে ন্যাটো জোট তার প্রতি ইঞ্চি ভূমি রক্ষা যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য প্রস্তুত।”
ড্রোন হামলার পর রোমানিয়ার প্রেসিডেন্ট নিকুসর ড্যানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন বলেও জানিয়েছেন ন্যাটোর মহাসচিব।
সূত্র : রয়টার্স
খুলনা গেজেট/এএজে

