মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান যুদ্ধ অবসানের লক্ষ্যে হওয়া আলোচনার অগ্রগতি নিয়ে নতুন করে সন্দেহ প্রকাশ করেছেন। হোয়াইট হাউসে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে তিনি বলেন, ‘আলোচনায় কিছুটা অগ্রগতি হলেও এখনো যুক্তরাষ্ট্র সন্তুষ্ট নয়।’
ট্রাম্প বলেন, ‘ইরান চুক্তি করতে চায়, তবে আমরা এখন পর্যন্ত যা দেখছি তাতে পুরোপুরি সন্তুষ্ট নই।’ তিনি হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, ‘আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্রকে কাজ শেষ করতে হবে।’
এর আগে সপ্তাহের শুরুতে ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের সঙ্গে একটি চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে বুধবারের বক্তব্যে তার অবস্থানে কিছুটা পরিবর্তন দেখা যায়।
মার্কিন প্রেসিডেন্ট আরও ইঙ্গিত দেন, মধ্যপ্রাচ্যের উপসাগরীয় আরব দেশগুলো যদি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক না করে, তাহলে তিনি ইরানের সঙ্গে কোনো চুক্তিতে সই নাও করতে পারেন।
এদিকে ট্রাম্পের এই বক্তব্য মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে মত দিয়েছেন বিশ্লেষকরা। বিশেষ করে ইসরায়েল ও আরব দেশগুলোর সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে গৃহীত ‘আব্রাহাম অ্যাকর্ডস’কে তিনি নতুন করে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছেন।
খুলনা গেজেট/এএজে

