মঙ্গলবার । ২৬শে মে, ২০২৬ । ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

ইরানে নতুন হামলার পর ইউরেনিয়াম নিয়ে ট্রাম্পের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী দক্ষিণ ইরানে নতুন করে বিমান হামলা চালিয়েছে। এতে অন্তত চারজন নিহত হয়েছে বলে ইরানি মিডিয়ার খবরে নিশ্চিত করা হয়েছে। ছয় সপ্তাহেরও বেশি সময় ধরে চলা যুদ্ধবিরতির মধ্যেই এই হামলার ঘটনা ঘটলো।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে বলেছে, ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং সমুদ্রপথে মাইন পুঁতে রাখার চেষ্টায় লিপ্ত স্পিডবোটগুলোকে লক্ষ্য করে মার্কিন বাহিনী হামলা চালিয়েছে।

ওয়াশিংটনের দাবি, ‘আত্মরক্ষা’ এবং ইরানি বাহিনীর হুমকি থেকে নিজেদের সেনাদের নিরাপত্তার জন্য এই অভিযান চালানো হয়েছে। এই হামলা এমন সময়ে হলো যখন কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য সমঝোতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা চলছিল।

এদিকে ইরানে নতুন করে হামলা চালানোর কয়েক ঘণ্টা পরেই হুঁশিয়ারি বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। সোশ্যাল মিডিয়ায় দেয়া এক পোস্টে ট্রাম্প লিখেন, সমৃদ্ধ ইউরেনিয়াম হয় তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করতে হবে, অথবা ইরানি প্রজাতন্ত্রের সঙ্গে সমন্বয় করে তা সেখানেই ধ্বংস করে ফেলতে হবে।

যুদ্ধের শুরুতে ধারণা করা হয়েছিল, ইরানের কাছে প্রায় ৪৪০ কেজি বা ৯৭০ পাউন্ড ইউরেনিয়াম রয়েছে, যা ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করা হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন