আসন্ন ইদুল আজহা বা কোরবানির ঈদকে কেন্দ্র করে ভারতের উত্তরপ্রদেশে কঠোর বিধিনিষেধ জারি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোনো অবস্থাতে রাস্তা বন্ধ বা জনদুর্ভোগ তৈরি করে রাস্তায় নামাজ পড়ার অনুমতি দেওয়া যাবে না। কেবল আগে থেকে চলে আসা নির্ধারিত এবং ঐতিহ্যবাহী ধর্মীয় স্থানগুলোতে ঈদের নামাজ আদায় করতে হবে।
রোববার (২৪ মে) রাজ্য সরকারের উচ্চপর্যায়ের প্রশাসনিক ও আইনশৃঙ্খলা পর্যালোচনা বৈঠকে তিনি এ নির্দেশনা দিয়েছেন। সোমবার (২৫ মে) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।
ভিডিও কনফারেন্সে আয়োজিত ওই বৈঠকে যোগী আদিত্যনাথ কোরবানির প্রস্তুতির পাশাপাশি গঙ্গা দশহরা উৎসবের আয়োজন ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখেন। মুখ্যমন্ত্রী জেলা প্রশাসনগুলোকে নির্দেশ দিয়ে বলেছেন, জনসমক্ষে কোনো পশুর কোরবানি দেওয়া যাবে না; কোরবানি কেবল আগে থেকে নির্দিষ্ট করা বা নির্ধারিত স্থানে দেওয়া যাবে। উৎসবের দিনগুলোতে কোনো ধরনের নতুন নিয়মের অজুহাতে বিশৃঙ্খলা ছড়ানোর চেষ্টা করলে শাস্তির আওতায় আনা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
এ ছাড়া শর্তসাপেক্ষে গরু কোরবানি ছাড়া নিষিদ্ধ পশু জবাই রুখতে প্রশাসনকে জিরো টলারেন্স নীতি অনুসরণের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।
পাশাপাশি কোরবানির পর পশুর বর্জ্য দ্রুত ও সঠিকভাবে অপসারণের নির্দেশ দিয়েছেন আদিত্যনাথ। রাজ্যে খোলা জায়গায় মাংস বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি থাকবে এবং সব অবৈধ কসাইখানার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
এ ছাড়াও উৎসবের সময়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং বিশেষ করে আলীগড়, বিজনোর, সাহারানপুরের মতো সংবেদনশীল জেলাগুলোতে সার্বক্ষণিক পুলিশি টহল ও ফ্ল্যাগ মার্চ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
অন্যদিকে জনসাধারণের অভাব-অভিযোগ দ্রুত সমাধানের লক্ষ্যে এই বৈঠকে একটি নতুন ঘোষণা দিয়েছেন যোগী আদিত্যনাথ। এখন থেকে রাজ্যের প্রতিটি উন্নয়ন ব্লক স্তরে প্রতি সপ্তাহে সাপ্তাহিক চৌপাল বা উন্মুক্ত সভার আয়োজন করা হবে। এই চৌপালগুলোতে জমিসংক্রান্ত বিরোধ, পারিবারিক সহিংসতা এবং স্থানীয় থানায় নথিভুক্ত না হওয়া অভিযোগগুলোর তাৎক্ষণিক নিষ্পত্তি করা হবে। জেলা পর্যায়ের শীর্ষ কর্মকর্তাদের প্রতিটি চৌপালে সশরীরে উপস্থিত থেকে প্রতিটি সমস্যার স্বচ্ছ ও সন্তোষজনক সমাধান নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
খুলনা গেজেট/এনএম

