ভারতে বিস্তীর্ণ এলাকাজুড়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। চলতি গ্রীষ্মে শুধু দক্ষিণ ভারতেই এখন পর্যন্ত হিটস্ট্রোকে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে।
তীব্র দাবদাহ ভারতের জন্য নতুন কিছু নয়। তবে বহু বছরের বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে, জলবায়ু পরিবর্তনের কারণে তাপপ্রবাহ এখন আরও দীর্ঘস্থায়ী, ঘনঘন এবং তীব্র হয়ে উঠছে। ১৪০ কোটির বেশি জনসংখ্যার এই দেশটির বিভিন্ন শহরে সম্প্রতি তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসেরও অনেক ওপরে অবস্থান করছে।
মৃত্যুর ঘটনাগুলো দক্ষিণাঞ্চলীয় তেলেঙ্গানা রাজ্যে ঘটেছে। রাজ্যের রাজস্বমন্ত্রী পঙ্গুলেটি শ্রীনিবাসা রেড্ডি জনস্বাস্থ্য সুরক্ষায় রাজ্যব্যাপী সতর্কতা জারির আহ্বান জানিয়েছেন।
এক বিবৃতিতে রেড্ডির দপ্তর জানায়, ‘তাপপ্রবাহের তীব্রতা নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে।’ পাশাপাশি তেলেঙ্গানার কর্মকর্তাদের তাপপ্রবাহের সময় কী ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে সে বিষয়ে আগাম সতর্কবার্তা জারির নির্দেশ দেয়া হয়েছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত তাপদাহে শরীরে পানিশূন্যতা দেখা দিতে পারে, যা রক্ত ঘন করে তোলে এবং গুরুতর ক্ষেত্রে শরীরের বিভিন্ন অঙ্গ বিকল হয়ে যেতে পারে। তেলেঙ্গানা রাজ্য সরকার বয়স্ক ব্যক্তি, শিশু এবং গর্ভবতী নারীদের প্রয়োজন ছাড়া দিনের বেলায় বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে।
এদিকে, ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) চলতি সপ্তাহের শুরুতে দেশটির বিভিন্ন অঞ্চলে স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা এবং তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে। রাজধানী নয়াদিল্লি এবং আশপাশের শহরগুলোতে পুরো সপ্তাহজুড়ে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে রয়েছে। ফলে বিদ্যুতের ব্যবহার রেকর্ড পরিমাণে বেড়ে গেছে।
সূত্র: দ্য স্ট্রেইটস টাইমস
খুলনা গেজেট/এএজে

