মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স মঙ্গলবার বলেছেন, ইরানকে নিয়ে আলোচনা ভালো অগ্রগতি করছে। তবে কোনো চুক্তি না হলে ওয়াশিংটন আবারও সামরিক অভিযান শুরু করতে পুরোপুরি প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন হামলার নির্দেশ দেয়ার খুব কাছাকাছি পৌঁছেছিলেন বলে জানানোর পর এমন মন্তব্য করলেন ভ্যান্স। ট্রাম্প ইরানকে একটি সমঝোতায় পৌঁছানোর জন্য ‘দুই থেকে তিন দিন’ সময়ও দিয়েছেন।
হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে ভ্যান্স বলেন, অনেক ভালো অগ্রগতি হচ্ছে, তবে আমরা কাজ চালিয়ে যাব। শেষ পর্যন্ত হয় আমরা একটি চুক্তিতে পৌঁছাব, নয়তো পৌঁছাব না।
ইরান যুদ্ধ নিয়ে সন্দেহপ্রবণ অবস্থানের জন্য পরিচিত ভ্যান্স এপ্রিল মাসে পাকিস্তানে একটি মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছিলেন। তবে সেই আলোচনা কোনো সমঝোতা আনতে পারেনি। তিনি বলেন, ইরানকে মেনে নিতে হবে যে তারা পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট আরও বলেন, আমরা এখন বেশ ভালো অবস্থানে আছি। তবে বিকল্প পরিকল্পনাও রয়েছে, আর সেই বিকল্প হলো আমরা সামরিক অভিযান আবার শুরু করতে পারি।
তিনি যোগ করেন, আমরা পুরোপুরি প্রস্তুত। আমরা সেই পথে যেতে চাই না, কিন্তু প্রয়োজন হলে প্রেসিডেন্ট সেই পথেও যেতে ইচ্ছুক এবং সক্ষম।
খুলনা গেজেট/এনএম

