রবিবার । ১৭ই মে, ২০২৬ । ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩

পাকিস্তানকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি ভারতের

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তান যদি ‘সন্ত্রাসীদের আশ্রয় দেয়া এবং ভারতবিরোধী কার্যক্রম’ অব্যাহত রাখে, তাহলে দেশটিকে ম্যানচিত্র থেকে মুছে দেয়ার প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। শনিবার (১৬ মে) এক ইন্টারঅ্যাকটিভ সেশনে এ মন্তব্য করেন তিনি।

দিল্লির মানেকশ সেন্টারে ‘ইউনিফর্ম আনভেইলড’ আয়োজিত সেই সেশনে তাকে প্রশ্ন করা হয়, গত বছরের অপারেশন সিঁদুরের মতো পরিস্থিতি আবার সৃষ্টি হলে ভারতীয় সেনাবাহিনী কীভাবে প্রতিক্রিয়া জানাবে।

এর জবাবে সেনাপ্রধান বলেন, ‘আপনারা যদি আগে আমার বক্তব্য শুনে থাকেন, তাহলে জানেন আমি কী বলেছি… পাকিস্তান যদি সন্ত্রাসীদের আশ্রয় দেয়া এবং ভারতবিরোধী কার্যক্রমঅব্যাহত রাখে, তাহলে তাদের সিদ্ধান্ত নিতে হবে তারা ভূগোলের অংশ হয়ে থাকবে, নাকি ইতিহাসের অংশ হয়ে যাবে।’

প্রসঙ্গত, গত বছরের ৭ মে ভোরে কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার প্রতিশোধ হিসেবে অপারেশন সিঁদুর শুরু করে ভারত। এ অভিযানে পাকিস্তানের আজাদ কাশ্মীরে একাধিক সন্ত্রাসী অবকাঠামোতে নিখুঁত হামলার দাবি করে দেশটি।

পরবর্তীতে পাকিস্তানও ভারতের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। এতে দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশের মধ্যে প্রায় ৮৮ ঘণ্টাব্যাপী সামরিক সংঘাত চলে। পরে ১০ মে স্থানীয় সময় সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের চাপের মুখে যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই পক্ষ।

সূত্র: এনডিটিভি

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন