মঙ্গলবার । ১২ই মে, ২০২৬ । ২৯শে বৈশাখ, ১৪৩৩
গালিবাফের হুঁশিয়ারি

যেকোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত ইরান

আন্তর্জাতিক ডেস্ক

যেকোনো আগ্রাসনের জবাব দিতে ইরানের সামরিক বাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধবিরতি অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে-মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্যের পর এ হুঁশয়ারি দিলেন গালিবাফ।

তেহরান বারবার আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করলেও সাফ জানিয়ে দিয়েছে, চাপিয়ে দেওয়া কোনো শর্তে তারা আলোচনায় যাবে না।

ইরানের পক্ষ থেকে জানানো হচ্ছে, যেকোনো কূটনৈতিক আলোচনার ক্ষেত্রে তাদের প্রধান অগ্রাধিকার হলো যুদ্ধের শঙ্কা পুরোপুরি দূর করা। তেহরান এমন এক নিরাপত্তা নিশ্চয়তা চায়, যাতে শান্তির নামে কোনো সাময়িক বিরতি দিয়ে পুনরায় সংঘাতের চক্রে জড়িয়ে পড়তে না হয়।

এদিকে তেহরানে যখন আলোচনার বার্তা দেওয়া হচ্ছে, তখন সামরিক প্রস্তুতির বিষয়েও কড়া হুঁশিয়ারি আসছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ বলেন, ‘আমাদের সশস্ত্র বাহিনী যেকোনো আগ্রাসনের জবাব দিতে এবং আক্রমণকারীদের শিক্ষা দিতে প্রস্তুত। ভুল কৌশল ও ভুল সিদ্ধান্তের ফল সবসময়ই খারাপ হয়, বিশ্ব ইতোমধ্যেই তা বুঝতে পেরেছে।’

দেশটির সেনাবাহিনীও সম্প্রতি নতুন অস্ত্র, পরিকল্পনা এবং দেশের বাইরে নতুন রণকৌশল নিয়ে যুদ্ধের ময়দানে ফেরার ও চমক দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার বলেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বর্তমানে ‘টিকে থাকার লড়াইয়ে’ আছে।

তিনি যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবের প্রতি তেহরানের প্রতিক্রিয়াকে ‘বোকামিপূর্ণ’ বলে আখ্যা দেন।

এর আগে, যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবের জবাব পাকিস্তানের মধ্যস্থতায় পাঠায় ইরান। তবে ইরানের দেওয়া এ জবাব প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেছেন, ‘আমি মাত্রই ইরানের তথাকথিত প্রতিনিধিদের পাঠানো জবাবটি পড়লাম। এটি আমার পছন্দ হয়নি, একেবারেই অগ্রহণযোগ্য।’

পর্যবেক্ষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের প্রস্তাবনাগুলোর মধ্যে এখনো অনেক ব্যবধান রয়েছে।

তেহরানের নীতিনির্ধারকদের মধ্যে ওয়াশিংটনের প্রতি চরম অবিশ্বাস আলোচনার পথকে জটিল করে তুলেছে। শেষ পর্যন্ত কোনো স্থায়ী সমাধানে পৌঁছানো যাবে কি-না, তা নিয়ে এখনো বড় ধরনের অনিশ্চয়তা রয়ে গেছে।

সূত্র: আলজাজিরা

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন