বুধবার । ৬ই মে, ২০২৬ । ২৩শে বৈশাখ, ১৪৩৩

মরণোত্তর ডক্টরেট ডিগ্রি পাচ্ছেন লিমন-বৃষ্টি

আন্তর্জাতিক ডেস্ক

নৃশংস হত্যাকাণ্ডের শিকার দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা। আগামী ৯ মে বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে তাদের এই সম্মাননা প্রদান করা হবে।

গতকাল মঙ্গলবার (৫ মে) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটকে চিঠি দিয়ে বিষয়টি জানায়। নিহতদের পরিবারের পক্ষ থেকে একজন প্রতিনিধি সমাবর্তনে উপস্থিত থেকে এই সম্মাননা গ্রহণ করবেন বলে জানানো হয়েছে। তথ্য ডাবলিউইউএসএফ (WUSR)

এদিকে, নাহিদা সুলতানা বৃষ্টির প্রথম জানাজা ৬ মে যুক্তরাষ্ট্রের টাম্পায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে ৭ মে তার মরদেহ ঢাকায় পাঠানো হবে এবং ৯ মে সকালে দেশে পৌঁছানোর কথা রয়েছে।

জামিল আহমেদ লিমন (২৭) খুলনা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে যুক্তরাষ্ট্রে ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। অন্যদিকে নাহিদা সুলতানা বৃষ্টি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ছিলেন এবং যুক্তরাষ্ট্রে রাসায়নিক প্রকৌশল বিষয়ে পড়াশোনা করছিলেন।

গত ১৬ এপ্রিল এই দুই শিক্ষার্থী নিখোঁজ হন। পরে পরিবারের পক্ষ থেকে যোগাযোগ না পেয়ে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়া হয়।

ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে লিমনের সহপাঠী ও রুমমেট হিশাম আবুঘরবেহকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদের পর ২৪ এপ্রিল ফ্লোরিডার একটি সেতুর কাছে কালো ব্যাগের ভেতর থেকে লিমনের মরদেহ উদ্ধার করা হয় বলে স্থানীয় কর্তৃপক্ষ জানায়।

এই ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে দুটি ফার্স্ট ডিগ্রি হত্যার অভিযোগ আনা হয়েছে।

এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দুই পরিবারের পাশাপাশি প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়ের মাঝেও। বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্ত তাদের শিক্ষাজীবনের স্বীকৃতি হিসেবে একটি গুরুত্বপূর্ণ সম্মাননা হিসেবে বিবেচিত হচ্ছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন